ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরানে আবারও মার্কিন হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:৪১ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, এসব হামলা আত্মরক্ষার জন্য করা হয়েছে এবং এটি ইরানের ক্রমাগত আগ্রাসনের জবাব। খবর আল-জাজিরার।
ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায়, দেশটির বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে বন্দরনগরী বন্দর আব্বাস, কেশম দ্বীপ এবং দক্ষিণাঞ্চলের সিরিক ও মিনাব শহর রয়েছে। এছাড়া পশ্চিম তেহরানেও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজও রয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আবারও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি দাবি করেন, তারা এমন একটি চুক্তি নিয়ে আলোচনায় অনেক বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য খুবই ভালো হতে পারত। এখন তাদের এর মূল্য দিতে হবে।
/এএন