‘যুদ্ধও নয় শান্তিও নয়’ পরিস্থিতি বদলাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের আহ্বান ইরানি প্রেসিডেন্টের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটিয়ে সংকট নিরসনে ওয়াশিংটনের সাথে সরাসরি সংলাপ ও আলোচনার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার (১০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন।
আধা-সরকারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহরকে উদ্ধৃত করে মাসুদ পেজেশকিয়ান বলেন, দুই দেশের সম্পর্ক এখন এমন এক পর্যায়ে আছে যেখান থেকে বের হতে হলে সংলাপ ও আলোচনার পথই একমাত্র সমাধান। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বারবার এ অবস্থার অবসানের ওপর গুরুত্ব দিয়েছেন। তাই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আলোচনায় বসা ছাড়া বিকল্প নেই।
তিনি আরও বলেন, আমরা যদি এই 'যুদ্ধও নয় শান্তিও নয়' অবস্থার বাইরে যেতে চাই তাহলে 'আমাদের কী করা উচিত? যদি আমরা সংলাপে না যাই তাহলে বিকল্প কী?' এই ভিত্তিতেই নেতা আলোচনাকে চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন এবং শেষ পর্যায়ে নির্দেশ দিয়েছেন 'যাও এবং বিষয়টি সমাধান করো।'
এদিকে, ৮ এপ্রিলের মার্কিন-ইরান যুদ্ধবিরতির পর থেকে তেহরান বারবার অভিযোগ করছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ইরানের দাবি, আলোচনার মাঝেও যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
অন্যদিকে, ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে যদিও যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী তা সীমিত থাকার কথা ছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন। তবে এখন পর্যন্ত আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।
/এওয়াইএ/এএ