চুক্তি নিয়ে দেরি করায় ইরানকে মূল্য দিতে হবে: ডোনাল্ড ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম
ফাইল ছবি
ইরান এমন একটি চুক্তি নিয়ে আলোচনায় অযথা দীর্ঘ সময় নিয়েছে যা তাদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারত। এখন এ বিলম্বের জন্য ইরানকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
মঙ্গলবার (৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নিতে পারে।
সম্প্রতি একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনায় প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় রাতভর হামলা চালায়। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।
তবে চলমান উত্তেজনার মধ্যেও ইরান দুর্বল অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী এখন সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। তাদের নৌ ও বিমানবাহিনীর বড় অংশ কার্যত অস্তিত্ব হারিয়েছে। তারা পুরোপুরি পরাজিত হয়েছে।
ইরানকে কটাক্ষ করে ট্রাম্প আরও বলেন, ইরান শুধু কথাই বলে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারে না।
/এওয়াইএ/এএ