×
Logo

আন্তর্জাতিক

আর্টেমিস-৩ মিশনের নভোচারী দল ঘোষণা নাসার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:২৩ পিএম

আর্টেমিস-৩ মিশনের নভোচারী দল ঘোষণা নাসার

চাঁদে পুনরায় মানুষ পাঠানোর ঐতিহাসিক খসড়া পরিকল্পনার অংশ হিসেবে বহুল প্রতীক্ষিত ‘আর্টেমিস-৩’ মিশনের জন্য চার সদস্যের নভোচারী দল ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মঙ্গলবার (১০ জুন) এই দলে স্থান পেয়েছেন তিন মার্কিন এবং একজন ইতালীয় নভোচারী। 

মনোনীত নভোচারীরা হলেন—কমান্ডার র‍্যান্ডি ব্রেসনিক (নাসা), পাইলট লুকা পারমিতানো (ইউরোপীয় মহাকাশ সংস্থা-ইতালি), মিশন স্পেশালিস্ট ফ্রাঙ্ক রুবিও (নাসা) এবং মিশন স্পেশালিস্ট আন্দ্রে ডগলাস (নাসা)। ২০২৭ সালের শেষ নাগাদ এই চার মহাকাশচারীকে নিয়ে ওরিয়ন মহাকাশযান উৎক্ষেপণের প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে পূর্বপরিকল্পনায় পরিবর্তন এনে নাসা জানিয়েছে, এই মিশনেও নভোচারীরা সরাসরি চাঁদের মাটিতে পা রাখছেন না। মূলত মহাকাশযান ও ল্যান্ডারের প্রযুক্তিগত সক্ষমতা যাচাইয়ের জন্য এটিকে একটি জটিল প্রস্তুতিমূলক মিশন হিসেবে পরিচালনা করা হচ্ছে। দুই সপ্তাহের এই অভিযানে পৃথিবীর নিম্ন কক্ষপথে নাসার ওরিয়ন মহাকাশযানের সাথে বেসরকারি প্রতিষ্ঠান স্পেসএক্স-এর ‘স্টারশিপ’ এবং ব্লু অরিজিনের ‘ব্লু মুন’ ল্যান্ডারের ডকিং এবং একসঙ্গে কাজ করার কার্যকারিতা পরীক্ষা করা হবে।

ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরুতে নভোচারীদের নিরাপদ অবতরণ নিশ্চিত করার আগে এই মিশনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত প্রস্তুতি হিসেবে বিবেচনা করছে নাসা। এর আগে, চলতি বছরের শুরুর দিকে ‘আর্টেমিস-২’ মিশনে তিন মার্কিন ও এক কানাডীয় নভোচারী চাঁদ প্রদক্ষিণ করে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন।

/এএ 


Logo