বিবিসি'র প্রতিবেদন
এয়ার কানাডার পাইলটের বিরুদ্ধে ১৭ বছর ভুয়া লাইসেন্সে বিমান চালানোর অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:০০ এএম
কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার এক পাইলটের বিরুদ্ধে ১৭ বছর ধরে ভুয়া লাইসেন্স ব্যবহার করে যাত্রীবাহী বিমান চালানোর অভিযোগ উঠেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৫৯ বছর বয়সী জিওফ্রি ওয়াল নামের ওই পাইলট অন্টারিও প্রদেশের বাসিন্দা।
পুলিশের দাবি, ২০০৯ সালে, ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পাওয়ার পর থেকেই তিনি জাল নথিপত্র ব্যবহার করে ফ্লাইট পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
এয়ার কানাডা জানিয়েছে, বিষয়টি সামনে আসার সঙ্গে সঙ্গেই ওই পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি, কোম্পানিটি স্বপ্রণোদিত হয়ে কানাডার পরিবহন নিয়ন্ত্রক সংস্থা 'ট্রান্সপোর্ট কানাডা'কে বিষয়টি জানায়।
বিমান সংস্থাটি আরও দাবি করেছে, যাত্রীদের নিরাপত্তা কখনোই ঝুঁকির মধ্যে ছিল না। কারণ সব পাইলটই প্রতি ছয় মাস অন্তর দক্ষতা যাচাই প্রশিক্ষণের মধ্য দিয়ে যান।
পিল রিজিওনাল পুলিশের ডেপুটি চিফ নিক মিলিনোভিচ জানান, ১৯৯৮ সালে এয়ার কানাডায় যোগ দেওয়ার পর থেকে ওয়াল দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তবে ২০০৯ সাল থেকে ক্যাপ্টেন পদে থাকার জন্য প্রয়োজনীয় এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স (এটিপিএল) ছাড়াই তিনি ফ্লাইট পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
এই লাইসেন্সের জন্য নির্দিষ্ট লিখিত পরীক্ষাসহ যোগ্যতা প্রদর্শন করা বাধ্যতামূলক।
পুলিশ কর্মকর্তার ভাষায়, বিষয়টি অনেকটা এমন, যেন কেউ পারিবারিক চিকিৎসকের লাইসেন্স নিয়ে মস্তিষ্কের অস্ত্রোপচার করছেন।
তদন্তে জানা গেছে, গত ১৭ বছরে তিনি বোয়িংসহ বিভিন্ন ধরনের বিমান চালিয়ে প্রায় ৯০০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট সম্পন্ন করেন এবং এই সময়ে তিনি মিলিয়ন ডলার আয় করেন, যা সবই বৈধ নথি ছাড়াই হয়েছে বলে অভিযোগ।
গত বছর নিয়মিত এক মূল্যায়নের সময় তার লাইসেন্সে অসঙ্গতি ধরা পড়ে। এরপর কানাডার পরিবহন বিভাগ তদন্ত শুরু করে এবং পরে পুলিশের অনুসন্ধানে লাইসেন্স জাল বলে প্রমাণিত হয়।
এ ঘটনায় জুনের প্রথম দিনে তাকে সাতটি অভিযোগে অভিযুক্ত করা হয়, যার মধ্যে রয়েছে প্রতারণা, জাল নথি তৈরি এবং ভুয়া পরিচয় ব্যবহার।
এয়ার কানাডা জানিয়েছে, অভিযুক্ত পাইলটের বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স ছিল, তবে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় এটিপিএল তার ছিল না।
বিমান সংস্থাটি বলেছে, তারা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং অভ্যন্তরীণ অডিটে অন্য কোনো অনিয়ম পাওয়া যায়নি।
এদিকে পুলিশ বলছে, দীর্ঘদিন এই ধরনের প্রতারণা ধরা না পড়া অস্বাভাবিক নয়। কারণ অপরাধীরা অনেক সময়ই অত্যন্ত সতর্কভাবে তাদের পরিচয় গোপন রাখে।
অভিযুক্ত জিওফ্রি ওয়াল আগামী ২৯ জুন আদালতে হাজির হবেন।
/এআই