ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচের ফ্রান্সে প্রবেশ নিষিদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী নোয়েল বারো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:২৮ পিএম
পশ্চিম তীরের সহিংসতার জেরে ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচকে ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, আমাদের ব্রিটিশ, কানাডীয়, অস্ট্রেলীয়, নিউজিল্যান্ড ও নরওয়েজিয়ান অংশীদারদের সঙ্গে মিলিত হয়ে আমরা আজ পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও সহিংসতা বৃদ্ধির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছি। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচসহ বসতি স্থাপনকারী সংগঠনের চারজন নেতা এবং ২১ জন সহিংস বসতি স্থাপনকারীর ফ্রান্সে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, বেজালেল স্মোট্রিচ সক্রিয়ভাবে পশ্চিম তীরের সংযুক্তিকরণকে উৎসাহিত করেন। পাশাপাশি, তিনি পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন, গাজায় পুনরায় উপনিবেশ স্থাপন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থনৈতিক পতন এবং ফিলিস্তিনি জনগণের ওপর এর ক্ষতিকর পরিণতিকেও সমর্থন করেন। এটি এমন একটি নীতি যা দ্বি-রাষ্ট্র সমাধানে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ মানুষই মেনে নিতে পারে না।
/এওয়াইএ/এআই