×
Logo

আন্তর্জাতিক

পিস রিসার্চ ইনস্টিটিউট অসলোর প্রতিবেদন

২০২৫ সালে যুদ্ধে নিহত আড়াই লাখ মানুষ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:১৩ পিএম

২০২৫ সালে যুদ্ধে নিহত আড়াই লাখ মানুষ

২০২৫ সালে বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে একটি নতুন গবেষণা। 

নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো (পিআরআইও)-এর বার্ষিক ‘কনফ্লিক্ট ট্রেন্ডস’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে অন্তত এক রাষ্ট্র জড়িত এমন ৬৫টি সংঘাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৪৬ সালের পর সর্বোচ্চ।

গবেষণায় আরও বলা হয়, গত বছর সংঘাতে প্রাণহানির দিক থেকেও পরিস্থিতি ভয়াবহ ছিল। ২০২৫ সালে যুদ্ধ ও সহিংসতায় প্রায় ২ লাখ ৪৫ হাজার মানুষ নিহত হয়েছে, যা কোল্ড ওয়ার-পরবর্তী সময়ে তৃতীয় সর্বোচ্চ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৪ ও ২০২১ সালে এর চেয়েও বেশি প্রাণহানি হয়েছিল।

গবেষক সিরি আস রাস্টাড বলেন, 'সাধারণত আমরা কিছু ইতিবাচক দিক খুঁজে পাই, কিন্তু এ বছরের সংখ্যা সত্যিই উদ্বেগজনক।'

প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রের মধ্যে সংঘাতের সংখ্যাও ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আগের বছরের তুলনায় তা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে আটটিতে। 

ভারত-পাকিস্তান, আফগানিস্তান-পাকিস্তান, কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘাত এবং রাশিয়ার ইউক্রেন যুদ্ধ এর মধ্যে রয়েছে।

এছাড়া ইসরায়েল একাধিক ফ্রন্টে—গাজা, সিরিয়া, লেবানন, ইরান এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সংঘাতে জড়িত ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পিআরআইও জানিয়েছে, আফ্রিকা সবচেয়ে বেশি রাষ্ট্রীয় সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর রয়েছে এশিয়া, মধ্যপ্রাচ্য, আমেরিকা ও ইউরোপ।

গবেষকদের মতে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে একাধিক বড় সংঘাত একসঙ্গে চলায় বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে।

/এআই 

Logo