বিজেপিকে সমর্থনের ঘোষণা দিলো তৃণমূলের প্রায় ২০ জন এমপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৩২ পিএম
ফাইল ছবি
পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নজিরবিহীন ও নাটকীয় রাজনৈতিক পটপরিবর্তন ঘটে গেল দিল্লির বুকে। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী যখন কংগ্রেসসহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত, ঠিক তখনই তৃণমূলের ২০ জন সংসদ সদস্য বিদ্রোহী হয়েও মোদী সরকারকে সমর্থন দেওয়ার ঘোষণা করেছেন।
সোমবার (৮ জুন) দিল্লিতে একদিকে যখন 'ইন্ডিয়া' জোটের সদস্যদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন মমতা ব্যানার্জী, ডেরেক ও'ব্রায়ান, অভিষেক ব্যানার্জী ও কল্যাণ ব্যানার্জী , ঠিক তখনই এ খবর শোনা যায়।
বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র ইয়াদভের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যরা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ওই বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। সংসদ সদস্যদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আহ্বানেই এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
ইতোমধ্যেই ওই বৈঠকের একটি ছবি সংবাদমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দলবদল বা বিদ্রোহের এই তালিকায় রয়েছেন লোকসভার সংসদ সদস্য শর্মিলা সরকার এবং রাজ্যসভার সংসদ সদস্যপদ থেকে সদ্য ইস্তফা দেওয়া সুখেন্দুশেখর রায়। এছাড়াও দলছুট হওয়া অন্য এমপিদের মধ্যে ছবিতে দেখা গেছে জগদীশচন্দ্র বসুনিয়া, অরূপ চক্রবর্তী, অসিত মল ও কালীপদ সোরেন-সহ তৃণমূল কংগ্রেসের আরও কয়েকজন প্রভাবশালী 'বিদ্রোহী' সংসদ সদস্যকে।
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, লোকসভার স্পিকার ওম বিড়লাকে ইতিমধ্যেই ২০ জন 'বিদ্রোহী' সংসদ সদস্য চিঠি দিয়ে তাদের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন।
তবে সোমবারের ওই বৈঠকে এই ২০ জনের সকলেই সশরীরে হাজির ছিলেন কিনা তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
/এএ