ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত শেষ: ইরান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
ইরান ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আপাতত আনুষ্ঠানিকভাবে শেষ করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর ইউনিফায়েড কমান্ড এ তথ্য জানিয়েছে। সোমবার (৮ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতর জানায়, ইসরায়েলি হামলার দাঁত ভাঙ্গা জবাব দিতে ইরান প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিশোধ নেওয়া শেষ আপাতত। তাই সামরিক অভিযান স্থগিত করা হয়েছে।
তবে সতর্কবার্তায় আইআরজিসি জানায়, যদি ইসরায়েল শত্রুতা ও আগ্রাসন অব্যাহত রাখে, বিশেষকরে, লেবাননে হামলা চালালে আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর ও বিধ্বংসী প্রতিক্রিয়া জানানো হবে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। সংক্ষিপ্ত ওই বার্তায় ট্রাম্প দুই পক্ষকেই দ্রুত সংঘাত থামানোর আহ্বান জানান। তবে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
/এওয়াইএ/এআই