ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় ইসরায়েলের বিমান হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:২৬ পিএম
ইসরায়েল ইরানের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলা চালিয়েছে, এতে স্থাপনাটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স। খবর সিএনএনের।
সোমবার (৮ জুন) প্রতিবেদনে এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বান্দার-ই মাহশাহরে অবস্থিত কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অঞ্চলটির নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, তাদের বিমান বাহিনী ওই কমপ্লেক্সে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ঘটনার পরপরই পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনমিক জোন অর্গানাইজেশন তাদের কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংস্থা।
এর আগে, গত এপ্রিলে শিরাজ ও সাউথ পার্সসহ বিভিন্ন অঞ্চলের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। অন্যদিকে, মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন।
/এওয়াইএ/এএন