×
Logo

আন্তর্জাতিক

রয়টার্স

উপসাগরীয় মিত্রদের পুনর্গঠনে ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম

উপসাগরীয় মিত্রদের পুনর্গঠনে ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

ইরানের হামলায় উপসাগরীয় দেশগুলোর ক্ষয়ক্ষতি মেরামত ও পুনর্গঠনের জন্য ইরানের সম্পদ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। রোববার (৭ জুন) সংশ্লিষ্ট সুত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

সূত্রটি জানায়, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলোর যে ক্ষতি হয়েছে, তার ব্যয় নির্ধারণ করতে একটি দলকে নির্দেশ দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এছাড়া, ভবিষ্যতে ইরানের হামলায় সৃষ্ট সম্ভাব্য ক্ষয়ক্ষতির মেরামতেও ইরানের সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি। 

এর আগে, শুক্রবার (৫ জুন) ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজায়ী সিএনএনকে বলেন, তিন মাস ধরে চলা যুদ্ধের অবসানে শান্তি চুক্তির অন্যতম শর্ত হলো যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করা। এর ঠিক পরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ তথ্য সামনে আসে। তবে, যুক্তরাষ্ট্র কোন ধরনের সম্পদ পর্যালোচনা করছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি সূত্রটি। 

বিশ্লেষকদের মতে, ইরানের সম্পদ অন্য খাতে ব্যবহারের এই সম্ভাবনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নাজুক যুদ্ধবিরতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। সপ্তাহান্তে উভয় দেশের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এদিকে, মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার (৬ জুন) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির জন্য একটি বিশেষ চিঠি নিয়ে তেহরান সফর করেছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল ইরান-যূক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও স্থায়ী কোনো সমঝোতা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি স্থায়ী চুক্তির কাছাকাছি রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

/এএন

Logo