×
Logo

আন্তর্জাতিক

জেরুজালেম পোস্টের প্রতিবেদন

যুদ্ধে সেনাদের ঝুঁকি কমাতে এআইনির্ভর স্বয়ংক্রিয় রোবট বানাচ্ছে ইসরায়েলি টেক স্টার্ট-আপ শিফটার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:০০ পিএম

যুদ্ধে সেনাদের ঝুঁকি কমাতে এআইনির্ভর স্বয়ংক্রিয় রোবট বানাচ্ছে ইসরায়েলি টেক স্টার্ট-আপ শিফটার্স

যুদ্ধক্ষেত্রে সৈন্যদের ঝুঁকি কমাতে 'এআইনির্ভর স্বয়ংক্রিয় রোবট' তৈরি করছে ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান শিফটার্স। এ লক্ষ্য বাস্তবায়নে, নতুন করে ১০ দশমিক ২ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে স্টার্টআপটি।

ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় ইসরায়েল থেকে। ২০২৩ সালে প্রতিষ্ঠিত শিফটার্স এমন স্বয়ংক্রিয় ফিল্ড রোবট তৈরি করছে, যেগুলো সেনাদের আগে বিপজ্জনক এলাকায় প্রবেশ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবে।

প্রতিষ্ঠানটির দাবি, তাদের রোবটিক টেক ডেভেলপের মূল লক্ষ্য, যুদ্ধক্ষেত্রে সেনাদের ঝুঁকি কমানো। এআইচালিত রোবটগুলো ধ্বংসস্তূপ, টানেল, দূষিত এলাকা বা সংঘাতপূর্ণ অঞ্চলে অভিযান চালাতে সক্ষম হবে। তবে পুরো কার্যক্রমই থাকবে হিউম্যান অপারেটরের তত্ত্বাবধানে।

শিফটার্সের প্রধান দুটি প্রযুক্তি হলো ‘ট্রাস্ট’ এবং ‘রিটা’। ট্রাস্ট হচ্ছে চার পায়ে চলাচলকারী স্বয়ংক্রিয় রোবট, যা অনেকটা চীনের উদ্ভাবিত রোবট ডগের মতো আইডেন্টিকাল। অন্যদিকে, রিটা হলো এআইভিত্তিক সফটওয়্যার ব্যবস্থা, যা রোবটগুলোর চলাচল, নেভিগেশন, ওয়েদার বিশ্লেষণ ও কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অফের বালিন বলেন, বিপজ্জনক পরিবেশে প্রথমে মানুষের পরিবর্তে রোবট পাঠানোই হওয়া উচিত। নতুন এই বিনিয়োগ তাদের প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

প্রতিরক্ষা খাতের পাশাপাশি অবকাঠামো পরিদর্শন, কৃষি, খনি শিল্প এবং উদ্ধার কার্যক্রমেও এসব রোবট ব্যবহারের পরিকল্পনা রয়েছে শিফটার্সের।

প্রতিষ্ঠানটি আগামী জুনে ফ্রান্সে অনুষ্ঠিত প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শনী ইউরোসেটরিতে প্রথমবারের মতো তাদের ‘ট্রাস্ট’ রোবট উন্মোচন করবে।

তবে, এমন অ্যাডভান্সড টেক নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক। কারণ, এই রোবটগুলোকে মডিফাই করে উন্নত 'মেশিন-গান' ইন্সটল করা সম্ভব। তাতে, শত্রু এলাকায় যেকোনো টার্গেটকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে 'এলিমিনেট' করা যাবে। ফলে, বহু মানুষের প্রাণ নাশের হুমকি থেকেই যায় বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্লেষকরা। 

/এআই  

Logo