×
Logo

আন্তর্জাতিক

কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:২৬ পিএম

কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ফাইল ছবি

হরমুজ প্রণালির দিকে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত করা এবং ইরানের রাডার স্থাপনায় হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 

শনিবার (৬ জুন) সামাজিকমাধ্যম "এক্স'-এ দেওয়া এক পোস্ট এ তথ্য জানায় সেন্টকম। 

সেন্টকমের দাবি, ইরানের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে। বাকি একটি ক্ষেপণাস্ত্রও নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

তারা জানায়, এ ঘটনায় মার্কিন সেনাসদস্যদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদফতরে হামলা চালিয়ে ক্ষতি করার বিষয়ে ইরানের দাবিকে ‘মিথ্যা’ বলেও উল্লেখ করেছে সেন্টকম।

এর আগে মার্কিন বাহিনী জানায়, তারা হরমুজ প্রণালির দিকে ছোড়া কয়েকটি ইরানি হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে এবং ইরানের কিছু রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। এর পরপরই কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে বলে দাবি করেছে তারা।

এদিকে ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, কেশম দ্বীপ এবং গোরুক অঞ্চলে থাকা টেলিকমিউনিকেশন টাওয়ারে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনে শত্রু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানায়, তারা কুয়েতের আলি আল-সালেম এয়ার বেস এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ফিফথ ফ্লিট সংশ্লিষ্ট স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এছাড়া, ভবিষ্যতে ইরানে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার প্রতিক্রিয়ায় বড় ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করেছে আইআরজিসি।  

/এনএ 

Logo