×
Logo

আন্তর্জাতিক

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:২০ পিএম

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

যুদ্ধ, সংঘাত ও রাজনৈতিক সংকটের কারণে জার্মানিতে বাড়ছে বাঙ্কারের চাহিদা। বোমা হামলা, সশস্ত্র সংঘাত কিংবা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় হিসেবে আবাসিক স্থাপনার নিচে তৈরি করা হচ্ছে এসব বাঙ্কার। নির্মাতাদের দাবি— আধুনিক ফিল্টার ও সুরক্ষা ব্যবস্থাসম্পন্ন এসব বাঙ্কার জৈব, রাসায়নিক এমনকি তেজস্ক্রিয় দূষণ থেকেও সুরক্ষা দিতে সক্ষম। তবে এমন নিরাপত্তা নিশ্চিত করতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ।

মূলত, এসব বাঙ্কার দেখতে সাধারণ বাড়ির একটি কক্ষের মতোই। কিন্তু এখানেই রয়েছে যুদ্ধ কিংবা দুর্যোগের সময় টিকে থাকার সব ব্যবস্থা। ভূগর্ভে নির্মিত এসব ব্যক্তিগত বাঙ্কারের চাহিদা এখন জার্মানিতে বাড়ছে নজিরবিহীনভাবে।

বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা যত বাড়ছে, ততই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছেন সাধারণ মানুষ। আর সেই উদ্বেগই নতুন গতি এনে দিয়েছে জার্মানির বাঙ্কার নির্মাণ শিল্পে। কয়েক বছর আগেও যা ছিল সীমিত একটি বাজার, এখন তা পরিণত হয়েছে দ্রুত সম্প্রসারণশীল ব্যবসায়।

বাঙ্কার নির্মাতা পিটার আউর্নহ্যামার বলেন, গ্রাহকদের তালিকায় আছেন কৃষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, এমনকি ছোট সন্তান রয়েছে এমন পরিবারও। ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা ঝুঁকছেন ব্যক্তিগত আশ্রয়কেন্দ্রের দিকে।

বাঙ্কার নির্মাতা পিটার আউর্নহ্যামার বলেন, আশ্রয়কেন্দ্র নির্মাণ নিয়ে মানুষের আগ্রহ ক্রমাগত বাড়ছে। বিশ্বজুড়ে রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, আর মানুষও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠছে।

এসব বাঙ্কারে রাখা যায় দীর্ঘমেয়াদি খাদ্য ও পানির মজুত। রয়েছে বাঙ্ক বেড, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা এবং বিদ্যুৎ ছাড়াই চালানো সম্ভব এমন বিশেষ বায়ুচলাচল প্রযুক্তি। নির্মাতাদের দাবি, উন্নত ফিল্টার ব্যবস্থার কারণে জৈব, রাসায়নিক এমনকি তেজস্ক্রিয় দূষণ থেকেও সুরক্ষা পাওয়া সম্ভব।

তবে এই নিরাপত্তা নিশ্চিত করতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ। নতুন বাড়ির সঙ্গে বাঙ্কার নির্মাণে খরচ শুরু হয় প্রায় ৩৫ হাজার ইউরো থেকে। আর পুরোনো ভবনের সঙ্গে যুক্ত করতে গেলে ব্যয় ১ লাখ ইউরোরও বেশি হতে পারে। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই জননিরাপত্তা ও আশ্রয়কেন্দ্র অবকাঠামো নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতও বাড়িয়েছে মানুষের উদ্বেগ। ফলে শুধু সেনাসদস্য বা যুদ্ধক্ষেত্রের জন্য নয়, সম্ভাব্য যেকোনো সংকটের কথা মাথায় রেখে ব্যক্তিগত ব্যবহারের জন্যও বাঙ্কার নির্মাণে ঝুঁকছেন সাধারণ মানুষ।

/এমএইচআর

Logo