সিএনএনের প্রতিবেদন
অনলাইন চাকরির প্ল্যাটফর্ম ব্যবহার করে গুপ্তচর নিয়োগ, চীনের বিরুদ্ধে অভিযোগ ‘ফাইভ আইজ’ জোটের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:১৬ পিএম
অনলাইন জব প্ল্যাটফর্ম ব্যবহার করে সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস রয়েছে এমন ব্যক্তিদের নিয়োগের চেষ্টা করছে চীনা গোয়েন্দারা—এমনই সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ‘ফাইভ আইজ’ নিরাপত্তা জোট।
বুধবার (৩ জুন) প্রকাশিত 'সেফগার্ডিং আওয়ার সিক্রেটস' নামে এক বুলেটিনে বলা হয়, চীনের সামরিক গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন পেশাগত নেটওয়ার্কিং সাইট ও অনলাইন রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকার, সামরিক বাহিনী এবং গোপন তথ্যের অ্যাক্সেস রয়েছে, এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, চীনা গোয়েন্দাদের লক্ষ্য হলো সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গোপন তথ্য সংগ্রহ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড—এই পাঁচ দেশের ওপর কৌশলগত সুবিধা অর্জন করা।
ফাইভ আইজের নিরাপত্তা সংস্থাগুলো এটিকে আগের তুলনায় 'বিস্তৃত ও আক্রমণাত্মক অনলাইন নিয়োগ কৌশল' হিসেবে উল্লেখ করেছে।
জোটটির দাবি, সফলভাবে নিয়োগপ্রাপ্তদের নির্দিষ্ট ক্লায়েন্টদের জন্য গোপন তথ্য সরবরাহে চাপ দেওয়া হয়, যাদের চীনা সরকারের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুলেটিনে বলা হয়, এসব তথ্যের বিনিময়ে কয়েকশ' থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত অর্থ দেওয়া হয়, এবং সংবেদনশীল তথ্যের জন্য আরও বেশি অর্থের প্রস্তাব করা হয়।
চীন বরাবরই এ ধরনের গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে আসছে এবং এসবকে 'ভিত্তিহীন ও অপপ্রচার' বলে দাবি করছে।
/এআই