ইরানে অভিযানে ইসরায়েলকে ভূখণ্ড ব্যবহারের সিএনএনের প্রতিবেদন প্রত্যাখ্যান আজারবাইজানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:১৪ পিএম
ইরানের বিরুদ্ধে সামরিক ও গোয়েন্দা অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আজারবাইজান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে ইসরায়েলি বাহিনীর দেশটিতে অবস্থানের দাবি করা হলে তা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে আখ্যা দেয় বাকু।
শুক্রবার (৫ জুন) এক বিবৃতিতে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের অভিযোগ আগেও একাধিকবার নাকচ করা হয়েছে। প্রতিবেদন প্রকাশের আগেই সিএনএনকে দেশটির আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়েছিল বলেও উল্লেখ করা হয়।
মন্ত্রণালয়ের অভিযোগ, বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই অজ্ঞাতনামা সূত্রের ওপর নির্ভর করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। পাশাপাশি, আজারবাইজানের সরকারি বক্তব্য উপেক্ষা করা হয়েছে, যা বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার নীতির পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো তৃতীয় দেশকে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক, গোয়েন্দা বা শত্রুতামূলক কর্মকাণ্ডে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে কখনও অনুমতি দেয়নি আজারবাইজান এবং ভবিষ্যতেও দেবে না।
এর আগে, সিএনএনের প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় আজারবাইজানে গোপনে বিশেষ সামরিক ও গোয়েন্দা ইউনিট মোতায়েন করেছিল ইসরায়েল। ইরান সীমান্তবর্তী দক্ষিণ আজারবাইজানের কয়েকটি স্থান থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ড্রোন অভিযান পরিচালনা করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে এসব অভিযোগকে ‘ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা’ বলে দাবি করেছে আজারবাইজান। একইসঙ্গে প্রতিবেদনটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশটি।
/এআই