ক্ষমতা গ্রহণের এক ঘণ্টার মধ্যেই ফিলিস্তিনি পতাকা সরানোর নির্দেশ স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম
ক্ষমতা গ্রহণের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে সরকারি ভবন থেকে ফিলিস্তিনি পতাকা সরানোর নির্দেশ দিয়েছেন স্লোভেনিয়ার নতুন ডানপন্থী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানসা। এমন পদক্ষেপের মাধ্যমে দেশটির পররাষ্ট্রনীতিতে ইসরায়েলপন্থী অবস্থানের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। শুক্রবার (৫ জুন) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
দেশটির রাজধানী লুবলিয়ানার প্রধান সরকারি ভবনে গত দুই বছর ধরে উড়ছিল ফিলিস্তিনি পতাকা। সাবেক প্রধানমন্ত্রী রবার্ট গোলবের সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং গণহত্যামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছিল ইসরায়েলের বিরুদ্ধে।
গোলব সরকারের আমলে, ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য নিষিদ্ধ করে স্লোভেনিয়া।
পাশাপাশি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দেশটি। এছাড়াও সে সময় দুই ইসরায়েলি মন্ত্রীকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছিল।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইয়ানসা এসব সিদ্ধান্তের কয়েকটি বাতিল করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ফিলিস্তিনকে দেওয়া স্বীকৃতি প্রত্যাহারের বিষয়টিও রয়েছে।
এদিকে, স্লোভেনিয়ার নীতিগত এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানিয়েছেন, বিলম্ব না করে লুবলিয়ানায় প্রথমবারের মতো দূতাবাস খুলবে ইসরায়েল।
/এআই