ভারতের বিহার রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন কমপক্ষে চারজন রোগীর মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের জানান, স্থানীয় সময় আজ ভোররাতে বিহারের মুজাফফরপুরে অবস্থিত ‘প্রসাদ হাসপাতাল’-এর পঞ্চম তলার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত চারজনই ওই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। হাসপাতালটির ভেতর থেকে অন্তত ২০ জন রোগীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন তারা। উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে ভবনের ভেতরে এখনও উদ্ধারকাজ চলমান রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী শোক প্রকাশ করে বলেন, তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
/এএ