×
Logo

আন্তর্জাতিক

আরাফাত ময়দানে লাখো মুসল্লি, আগামীকাল ঈদ পালন করবেন হাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৪:২৭ পিএম

আরাফাত ময়দানে লাখো মুসল্লি, আগামীকাল ঈদ পালন করবেন হাজিরা

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ ধাপ পালনের জন্য আজ মঙ্গলবার (২৬ মে) আরাফাত ময়দানে সমবেত হয়েছেন ১৬ লাখেরও বেশি হাজি। আগামীকাল বুধবার (২৭ মে) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

জিলহজ মাসের নবম দিনের ভোর থেকেই হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হতে থাকেন। সেখানে তারা সূর্যাস্ত পর্যন্ত নির্ধারিত সীমানার মধ্যে অবস্থান করে ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় মশগুল থাকেন।

ইসলামি ঐতিহ্যে আরাফাতে অবস্থান বা উকুফে আরাফাকে হজের মূল রুকন এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়। 

দুপুরে হাজিদের উদ্দেশে খুতবা প্রদান করা হয়। লাখো মুসল্লিদের উদ্দেশ্য খুৎবা দেন মসজিদুল হারামের ইমাম-খতিব শায়খ আলি আল হুদাইফি। যা বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় অনূদিত হয়। খুতবায় শরিয়াহভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তোলার আহ্বানের পাশাপাশি বিশ্ব মুসলিমের ঐক্য এবং শান্তি কামনা করা হয়েছে।  

খুৎবা শেষে একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে রাত্রিযাপন এবং পাথর সংগ্রহ করবেন তারা। এরপর আগামীকাল ১০ জিলহজ বুধবার হাজিরা মিনায় জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা পালন করবেন। 

এদিকে, হাজিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। হাজিদের পরিবহনে ব্যবহার করা হচ্ছে প্রায় ২৪ হাজার বাস।

/এএন


Logo