সিএনএনের বিশ্লেষণ
ইরান যুদ্ধের অন্যতম মাস্টারমাইন্ড ইন্টারপোলের ওয়ারেন্টপ্রাপ্ত কমান্ডার ভাহিদি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০১:৩৫ পিএম
ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত আইআরজিসি কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকদের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর জেনারেল ও কমান্ডার মহসেন রেজাই (বাম থেকে ২য়), আলি ফাদাভি (বাম থেকে ৩য়), আহমদ ভাহিদি (ডান থেকে ২য়) এবং হাসান হাসানজাদেহ (ডান) অংশগ্রহণ করেন। ছবি: সিএনএন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও সম্ভাব্য সমঝোতা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই সামনে এসেছেন ওয়ারেন্টপ্রাপ্ত ইরানি জেনারেল কমান্ডার আহমাদ ভাহিদি। তেহরানের পরবর্তী সামরিক ও রাজনৈতিক কৌশল নির্ধারণের মাস্টারমাইন্ড হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) তৎকালীন প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর ভাহিদি আইআরজিসির প্রধানের দায়িত্ব নেন। এরপর থেকেই যুদ্ধক্ষেত্রে ইরানের রণকৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার প্রভাব দ্রুত বেড়েছে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত এই সামরিক কর্মকর্তা তিন দশক আগে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে একটি ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় রয়েছেন। ওই হামলায় ৮৫ জন নিহত হন। তবে ইরান বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরানবিষয়ক পরিচালক আলি ভায়েজ বলেন, ভাহিদি প্রভাবশালী হলেও তিনি একটি গ্রেটার রাষ্ট্রীয় কাঠামোর অংশমাত্র। তবে বর্তমান পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণে তার অবস্থান অত্যন্ত শক্তিশালী।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নেতৃত্ব দুর্বল হওয়ার বদলে আরও প্রভাবশালী হয়ে উঠেছে। ভাহিদির নেতৃত্বে আইআরজিসি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক চাপ অব্যাহত রেখেছে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায়, তেহরানের অবস্থানও আগের চেয়ে আরও কঠোর এবং পাকাপোক্ত হয়েছে।
যুদ্ধের প্রথম দিনেই ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, সামরিক ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ ধ্বংস এবং শীর্ষ নেতাদের মেরে অনেকটা আত্মবিশ্বাসী ছিলেন ট্রাম্প-নেতানিয়াহু।
তবে, তেহরান ঘুরে দাঁড়িয়ে বন্ধ করে দেয় হরমুজ প্রণালি। কারণ, তেহরান বুঝতে পেরেছে, সারা পৃথিবীর এক-পঞ্চমাংশ তেল এই হরমুজ দিয়ে যাতায়াত করে। ফলে, চতুর্দিক থেকে আচমকা চাপে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প।
চলমান যুদ্ধে ইরান যে ঘুরে দাঁড়িয়েছে তার আরেকটি জলজ্যান্ত প্রমাণ কমান্ডার আহমাদ ভাহিদি। ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ বলেন, 'ভাহিদিকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।'
তার ভাষ্য, ভাহিদি সেই নেতাদের একজন, যারা মনে করেন, যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ চাইলে ইরানও প্রস্তুত।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেছেন, আলোচনায় অগ্রগতি না হলে আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্প বলেন, 'হয় চুক্তি হবে, না হয় হামলা হবে।'
মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকি-ধমকির তোয়াক্কা না করে জবাবে ভাহিদি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ভূখণ্ডে নতুন করে কোনো হামলা হলে সংঘাত আঞ্চলিক সীমা ছাড়িয়ে আরও বিস্তৃত হবে। ইরানি সংবাদমাধ্যমের বরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, 'আপনারা (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) ভয়াবহ আঘাত সুদে-আসলে পাবেন।'
যদিও প্রকাশ্যে আলোচনায় ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বেশি সক্রিয়। তবে পর্দার আড়ালে যুদ্ধের কলকাঠি নাড়ছেন কমান্ডার ভাহিদি।
সমর বিশ্লেষকরা বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা শান্তি প্রস্তাব বিনিময় হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো 'ছাড়' দিতে রাজি নয় তেহরান। ফলে আলোচনায় অচলাবস্থা কাটেনি।
১৯৫৮ সালে ইরানের শিরাজ শহরে জন্ম নেওয়া ভাহিদি, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই, ইরানের ক্ষমতা কিংবা ফ্রেম ওয়ার্কের অংশ। তিনি আইআরজিসির কুদস ফোর্সের প্রথম কমান্ডার ছিলেন। পরে প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০২২ সালে, মাহসা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভ দমনে ভাহিদির হাত রয়েছে এমন অভিযোগে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ ছিলো, হিজাব আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি এবং আন্দোলনকারীদের দমনেও সমর্থন দিয়েছিলেন এই ভাহিদি।
বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান ক্ষমতার বলয়ে ভাহিদির উত্থান শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও বাড়িয়ে তুলছে।
বলা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে ভাহিদি। কারণ, তার পূর্বসুরিরাও নিহত হয়েছিলেন। বিশেষকরে, কাশেম সোলাইমানিকেও টার্গেট করা হয়েছিলো অন্যতম ইনফ্লুয়েনশিয়াল ফিগার হওয়ার জন্য। ট্রাম্প প্রশাসনের ধারনা, কমান্ডারদের হত্যার মধ্য দিয়ে নেতৃত্ব শূন্যতায় ভুগবে ইরান। তবে, ভাহিদির ক্ষেত্রে বিষয়টি কোনভাবেই সহজ হবে না। কারণ, তিনি জনসমক্ষে আসেন-ই না। তিনি যে আছেন, কিংবা যুদ্ধের রণকৌশল সাজাচ্ছেন, সে বিষয়ে কোন তথ্য ইরান দেবে না।
/এআই