কানাডা থেকে আলাদা হওয়ার পথে আলবার্টা? অক্টোবরে গণভোটের ডাক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:০০ পিএম
কানাডা থেকে আলাদা হওয়ার প্রশ্নে আগামী অক্টোবরেই গণভোটের পথে যাচ্ছে আলবার্টা প্রদেশ। দেশটির জাতীয় ঐক্যের জন্য এটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। খবর বিবিসি'র।
গত বৃহস্পতিবার (২১ মে) আলবার্টার প্রিমিয়ার (প্রাদেশিক সরকার প্রধান) ড্যানিয়েল স্মিথ এক টেলিভিশন ভাষণে এই নাটকীয় ঘোষণা দেন।
স্মিথ জানান, আলবার্টা কি কানাডার অংশ হিসেবেই থাকবে, নাকি সংবিধান অনুযায়ী বিচ্ছিন্নতার বিষয়ে বাধ্যতামূলক গণভোট আয়োজনের আইনি প্রক্রিয়া শুরু করবে সেই প্রশ্ন নাগরিকদের সামনে তোলা হবে।
তবে এটি সরাসরি 'থাকা না যাওয়া' ধরনের ভোট নয়। ভোটারদের সামনে দুটি বিকল্প থাকবে—একটি কানাডার অংশ হিসেবে থাকার পক্ষে, অন্যটি বিচ্ছিন্নতার জন্য আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরুর পক্ষে।
সাম্প্রতিক বছরগুলোতে, তেলসমৃদ্ধ এই প্রদেশে বিচ্ছিন্নতাবাদী মনোভাব বাড়ছে। স্বাধীনতার দাবিতে গঠিত নাগরিক উদ্যোগে তিন লাখের বেশি মানুষ স্বাক্ষর করেন। যদিও চলতি মাসে, একটি আদালত সেই আবেদন আটকে দেয়।
আদালতের রায়ে বলা হয়, সম্ভাব্য স্বাধীনতার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আদিবাসী, 'ফার্স্ট নেশন' সম্প্রদায়ের সঙ্গে যথাযথ পরামর্শ করা হয়নি।
এদিকে, সাবেক ডেপুটি প্রিমিয়ার থমাস লুকাসজুকের নেতৃত্বে 'ফরএভার কানাডিয়ান' নামের একটি পাল্টা প্রচারণায় চার লাখের বেশি মানুষ কানাডার পক্ষে স্বাক্ষর করেছেন। তবে আলবার্টার মোট জনসংখ্যা প্রায় ৫০ লাখ।
বিচ্ছিন্নতাবাদী এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন বনিভিলের ব্যবসায়ী মিচ সিলভেস্টার এবং ক্যালগেরির আইনজীবী জেফরি রাথ। তারা 'আলবার্টা প্রসপারিটি প্রজেক্ট' নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত। তাদের অভিযোগ, অটোয়াভিত্তিক লিবারেল সরকার দীর্ঘদিন ধরে পরিবেশনীতি ও জ্বালানি নীতির মাধ্যমে আলবার্টার অর্থনৈতিক সম্ভাবনাকে বাধাগ্রস্ত করেছে।
তাদের মতে, আলবার্টা কানাডাকে যত অর্থনৈতিক অবদান দেয়, তার তুলনায় কম সুবিধা পায়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত হস্তক্ষেপেও ক্ষোভ রয়েছে। এই মনোভাবকে কানাডার রাজনীতিতে 'ওয়েস্টার্ন অ্যালিয়েনেশন' নামে পরিচিত দীর্ঘদিনের আঞ্চলিক অসন্তোষের অংশ হিসেবে দেখা হয়।
তবে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য এক নয়। কেউ কেউ এটিকে অটোয়ার সঙ্গে দরকষাকষির কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ সত্যিই কানাডা থেকে আলাদা হতে চান। এমনকি কিছু সমর্থক আলবার্টাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ধারণার প্রতিও আগ্রহ দেখিয়েছেন।
প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ অবশ্য কানাডার ঐক্যের পক্ষেই অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, বিচ্ছিন্নতাবাদীদের কিছু অভিযোগ যৌক্তিক হলেও সাম্প্রতিক সময়ে অটোয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে, বিশেষ করে পাইপলাইন প্রকল্প নিয়ে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আলবার্টাকে কানাডায় থাকার আহ্বান জানিয়েছেন। তিনি কানাডাকে একটি ‘জ্বালানি পরাশক্তি’ হিসেবে গড়ে তুলতে চান। এছাড়া দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান পিয়েরে পিলিয়েভরেও দেশের ঐক্যের পক্ষে প্রচারণা চালাবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, বিচ্ছিন্নতাবাদী নেতা জেফরি রাথ প্রস্তাবিত গণভোটের প্রশ্ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার অভিযোগ, ড্যানিয়েল স্মিথ স্বাধীনতার পক্ষে স্বাক্ষর দেওয়া মানুষদের প্রত্যাশা পূরণ করেননি।
আদিবাসী ফার্স্ট নেশন নেতারাও আদালতের রায় উপেক্ষা করে গণভোট আয়োজনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মতে, এটি অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী পদক্ষেপ।
উল্লেখ্য, জনমত জরিপগুলো অবশ্য দেখাচ্ছে, অধিকাংশ আলবার্টাবাসী এখনও কানাডার অংশ হিসেবেই থাকতে চান। চলতি বছরের বিভিন্ন জরিপে স্বাধীনতার পক্ষে সমর্থন ২৬ থেকে ২৮ শতাংশের মধ্যে দেখা গেছে।
/এনএ