আল জাজিরার বিশ্লেষণ
১১ সূচকে মুখোমুখি যুক্তরাষ্ট্র-চীন: অর্থনীতি, সামরিক শক্তি ও প্রযুক্তিতে কে এগিয়ে?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:৫৯ পিএম
বেইজিং সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৪ ও ১৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকের আগে বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের শক্তির তুলনামূলক চিত্র তুলে ধরেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
অর্থনীতি, সামরিক শক্তি, প্রযুক্তি, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদসহ ১১টি গুরুত্বপূর্ণ সূচকে দুই দেশের অবস্থান বিশ্লেষণ করা হয়েছে প্রতিবেদনে। যেখানে দেখা যাচ্ছে, ২৫ বছর আগে অধিকাংশ ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও বর্তমানে অনেক সূচকে দ্রুত এগিয়ে গেছে চীন।
২০০১ সালে বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক ছিল যুক্তরাষ্ট্র। সে সময় দেশটির রপ্তানি ছিল ৭২৯ বিলিয়ন ডলার। একই সময়ে চীনের রপ্তানি ছিল ২৬৬ বিলিয়ন ডলার। তবে বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ। ২০২৪ সালে দেশটির রপ্তানি দাঁড়িয়েছে ৩ দশমিক ৫৯ ট্রিলিয়ন ডলারে। বিপরীতে যুক্তরাষ্ট্রের রপ্তানি ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার। বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশ যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের সঙ্গে বেশি বাণিজ্য করে।
২০২৫ সালে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ৫০০ বিলিয়ন ডলারের বেশি পণ্য বাণিজ্য হয়েছে। এর আগে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র চীন থেকে ৪৫৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। এর মধ্যে ছিল যন্ত্রপাতি, খেলনা, আসবাবপত্র ও টেক্সটাইল।
অন্যদিকে, চীন যুক্তরাষ্ট্র থেকে ১৪৫ বিলিয়ন ডলারের পণ্য কিনেছে। এর মধ্যে রয়েছে জ্বালানি, রাসায়নিক পণ্য ও যন্ত্রপাতি। চীনের ওপর যুক্তরাষ্ট্র বর্তমানে গড়ে ৩১ দশমিক ৬ শতাংশ শুল্ক আরোপ করেছে। পাল্টা হিসেবে চীনও মার্কিন পণ্যের ওপর শুল্ক বসিয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ জিডিপির ১১৫ শতাংশ, যা মোট প্রায় ৩৯ ট্রিলিয়ন ডলার। চীনের সরকারি ঋণ জিডিপির ৯৪ শতাংশ হলেও বিশ্লেষকদের মতে প্রকৃত ঋণের পরিমাণ আরও বেশি হতে পারে। তবে ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট এবং কোভিড-১৯ মহামারির পর দুই দেশেই ঋণের পরিমাণ বেড়েছে।
সিস্টকহোম ইন্টারন্যাশন্যাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরি) এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে ব্যয় করেছে ৯৫৪ বিলিয়ন ডলার। অন্যদিকে, চীনের ব্যয় ৩৩৬ বিলিয়ন ডলার।
২০২৪ সালে চীন ৪৮ হাজার ৪৭৭ টেরাওয়াট ঘণ্টা জ্বালানি ব্যবহার করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে ২৬ হাজার ৩৪৯ টেরাওয়াট ঘণ্টা। তবে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগেও এগিয়ে চীন। রিনিউয়েবল এনার্জি পলিসি নেটওয়ার্ক (রেন-২১) এর তথ্য অনুযায়ী, চীন ২৯০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যেখানে যুক্তরাষ্ট্র করেছে ৯৭ বিলিয়ন ডলার।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এখনো যুক্তরাষ্ট্র এগিয়ে। ওপেন এআই এর চ্যাটজিপিটি, গুগল এর জেমিনি এবং মেটার লামা বিশ্বব্যাপী আলোচিত। অন্যদিকে, চীনের ডিপসিক দ্রুত আলোচনায় এসেছে। বৈদ্যুতিক গাড়ির বাজারেও বড় অগ্রগতি দেখিয়েছে চীন। ২০২৪ সালে দেশটিতে বিক্রি হওয়া নতুন গাড়ির প্রায় অর্ধেকই ছিল বৈদ্যুতিক।
চীনের কাছে বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজ মজুত রয়েছে প্রায় ৪৪ মিলিয়ন টন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মজুত মাত্র ১ দশমিক ৯ মিলিয়ন টন। স্মার্টফোন, সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ি ও সামরিক প্রযুক্তিতে এসব খনিজ গুরুত্বপূর্ণ।
এছাড়া দুই দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং জি-২০ এর সদস্য। তবে চীন ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থায় সক্রিয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্র রয়েছে ন্যাটো, জি-সেভেন ও অউকাসের মতো জোটে।
/এওয়াইএ/এসআর