আফগানিস্তানে টোলো নিউজের দুই সাংবাদিক আটক, কারণ সম্পর্কে নীরব তালেবান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০১:১৬ পিএম
আফগানিস্তানের শীর্ষ বেসরকারি সংবাদমাধ্যম টোলো নিউজের দুই সাংবাদিককে আটক করেছে তালেবান কর্তৃপক্ষ। মঙ্গলবার (১২ মে) আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে টোলো নিউজ জানায়, তাদের দুই সাংবাদিক—ইমরান দানিশ এবং মানসুর নিয়াজিকে কাবুল থেকে আটক করা হয়েছে।
বার্তায় বলা হয়, নিরাপত্তা কর্মকর্তারা টোলো নিউজকে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খোবাইব গোফরান বলেন, কয়েকদিন আগে নিরাপত্তা সংস্থাগুলো দুই সাংবাদিককে আটক করেছে এবং তাদের মামলার তদন্ত চলছে। তবে, আটকের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানাননি তিনি।

এদিকে, এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিক অধিকার সংগঠন 'কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট'। সংগঠনটি আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের কাছে আটককৃত দুই সাংবাদিকদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

এছাড়া স্থানীয় পর্যবেক্ষক সংস্থা আফগানিস্তান মিডিয়া সাপোর্ট অর্গানাইজেশনও আটককৃত সাংবাদিকদের গ্রেফতারের কারণ ও তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য 'না' থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সংস্থাটি বলছে, এই ঘটনা আবারও প্রমাণ করেছে যে আফগানিস্তানে সাংবাদিক ও গণমাধ্যমের নিরাপত্তার কোনো 'নিশ্চয়তা' নেই।
/এআই