আসাদের খালাতো ভাই আতেফ নাজিব দ্বিতীয়বার আদালতে, চলছে মানবাধিকার লঙ্ঘনের বিচার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০১:২৩ পিএম
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের খালাতো ভাই এবং দেশটির সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিব দ্বিতীয়বারের মতো আদালতে হাজির হয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের একাধিক গুরুতর অভিযোগে তার বিচার কার্যক্রম চলছে। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, রোববার (১১ মে) দামেস্কের ফৌজদারি আদালতে অনুষ্ঠিত শুনানিতে ভুক্তভোগীদের পরিবার, ট্রানজিশনাল জাস্টিস কমিশনের সদস্য এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, নাজিবের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রে পূর্বপরিকল্পিত হত্যা, শিশুদের নির্যাতনের মাধ্যমে মৃত্যু ঘটানো, সশস্ত্র হামলা এবং অর্থপাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ রয়েছে, তিনি ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইল করে সরাসরি হত্যা ও নির্যাতনের নির্দেশ দিয়েছেন এবং অবৈধভাবে মানুষকে আটক রাখার সঙ্গে জড়িত ছিলেন।
এর আগে, চলতি বছরের ২৬ এপ্রিল, প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। তবে পরবর্তী শুনানির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
নাজিবকে গত বছরের জানুয়ারিতে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, ২০১১ সালের আন্দোলনের শুরুতে দারায় বেসামরিকদের ওপর দমন-পীড়নের অন্যতম প্রধান ভূমিকা ছিল তার। বিশেষ করে, দেয়ালে সরকারবিরোধী স্লোগান লেখার ঘটনায় কয়েকজন শিশুকে গ্রেফতার ও নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আদালতে প্রথম শুনানিতে, বিচারকক্ষে তার সামনে ঝোলানো হয়েছিল ১৩ বছর বয়সী হামজা আল-খতিবের ছবি। এই হামজার মৃত্যু সিরিয়ার বিদ্রোহ শুরু অন্যতম কারণ। তিনি সিরিয়ার বিদ্রোহের শুরুর দিনগুলোর প্রতীক হয়ে উঠেছিলেন।
২০১১ সালের মার্চে আরব বসন্তের প্রেক্ষাপটে দেরা শহরের একটি স্কুলের দেয়ালে কিছু কিশোর সরকারবিরোধী স্লোগান লিখেছিল। এর মধ্যে একটি স্লোগান ছিল 'ডাক্তার সাহেব, এবার আপনার পালা।'
মূলত চোখের ডাক্তার হিসেবে প্রশিক্ষণ নেওয়া বাশার আল-আসাদের প্রতি ইঙ্গিত করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর, দীর্ঘ প্রায় ২৫ বছর ক্ষমতায় থাকার পর বাশার আল-আসাদ রাশিয়ায় পালিয়ে যান। পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারিতে, অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্বে আহমেদ আল শারার অধীনে নতুন সরকার গঠন করা হয়।
/এআই