×
Logo

আন্তর্জাতিক

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন

লুকিয়ে রাখার পর অবশেষে নেতানিয়াহু স্বীকার করলেন, 'প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন’

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম

লুকিয়ে রাখার পর অবশেষে নেতানিয়াহু স্বীকার করলেন, 'প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ করেছেন, তিনি সম্প্রতি প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা সফল হয়েছে। তবে সাম্প্রতিক যুদ্ধ চলাকালে ইরান এ তথ্যকে ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণায় ব্যবহার করতে পারে; এই আশঙ্কায় তিনি বিষয়টি জনসমক্ষে আনেননি। শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। 

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ তথ্য জানান। 

তিনি বলেন, ধারাবাহিক চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তিনি সুস্থ আছেন।

হাদাসাহ মেডিকেল সেন্টারের অধ্যাপক অ্যারন পোপভটজার জানান, নেতানিয়াহুর প্রোস্টেটে ০ দশমিক ৯ সেন্টিমিটার আকারের প্রাথমিক পর্যায়ের টিউমার ধরা পড়েছিল। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় কয়েক মাস আগে এটি শনাক্ত হয়।

চিকিৎসক জানান, নেতানিয়াহু'র সামনে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া অথবা রেডিয়েশন থেরাপি নেওয়ার দুটি বিকল্প ছিল। তিনি রেডিয়েশন চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।

পরীক্ষা-নিরীক্ষার সর্বশেষ ফলাফলের ভিত্তিতে চিকিৎসকরা জানিয়েছেন, রোগের আর কোনো লক্ষণ নেই। তবে ভবিষ্যতেও নিয়মিত ফলোআপ চলবে।

/এআই 

Logo