ইরানের রাষ্ট্রদূত
'ট্রাম্প যুদ্ধে যা অর্জন করতে পারেননি, তা আলোচনায়ও করতে পারবেন না'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম
রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ 'ব্যর্থ' হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যুদ্ধক্ষেত্রে যা অর্জন করা যায়নি, তা আলোচনার টেবিলেও সম্ভব হবে না।
সোমবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
রুশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জালালি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছিল কয়েক দিনের মধ্যেই পুরো ইরান দখল করে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাবে, কিন্তু তাদের পরিকল্পনা সম্পূর্ণভাবে 'ব্যর্থ' হয়েছে। সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ও দাবিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রথমে তারা শাসন পরিবর্তনের কথা বলেছিল। পরে এসে তাদের লক্ষ্য সীমিত হয়ে দাঁড়ায় হরমুজ প্রণালি খুলে দেওয়া পর্যন্ত কিন্তু সেটিও তারা অর্জন করতে পারেনি।
জালালি দাবি করেন, যুক্তরাষ্ট্র যে নৌ-অবরোধের কথা বলেছিল, সেটিরও বাস্তব কোনো কার্যকারিতা নেই। যুক্তরাষ্ট্র এক সময় ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার সঙ্গে সম্মত হয়েছিল, তবে পরবর্তীতে তা থেকে সরে আসে।
তিনি আরও জানান, এসব কারণে চলমান যুদ্ধ পরিস্থিতি ইরানকে দুর্বল নয় বরং আরও 'ঐক্যবদ্ধ ও শক্তিশালী' করেছে। সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প রয়েছে ইরানের।
/এওয়াইএ/এআই