ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা আজ, ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হওয়ার কথা থাকলেও, এতে ইরানের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
সোমবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
আলোচনাকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে ইসলামাবাদের ‘রেড জোন’ পর্যন্ত সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা বাড়তি নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত নতুন বুকিং বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল, ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রথম বৈঠকে ভ্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এবারের দফায় তাকে দেখা যাবে না বলে জানিয়েছিলেন ট্রাম্প। তবে, নানান নাটকীয়তার পর ইসলামাবাদে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিরা সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন। প্রতিনিধি দলে রয়েছেন ভাইস-প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স, স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।
তবে এখনো পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা এই আলোচনায় অংশ নেবে না।
/এওয়াইএ/এআই