ট্রাম্পের এক ঘণ্টার মধ্যে সাতটি দাবিই মিথ্যা: গালিবাফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এমনটাই দাবি করেছেন। খবর তাসনিম নিউজ এজেন্সি।
গালিবাফ বলেন, ট্রাম্প এক ঘণ্টার মধ্যে সাতটি দাবি করেছেন এবং সাতটিই মিথ্যা। এই মিথ্যাচার দিয়ে তারা যুদ্ধে জিততে পারেনি, আলোচনাতেও কোনো ফল পাবে না।
গালিবাফ দাবি করেন, অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না এবং হরমুজ প্রণালি দিয়ে চলাচল হবে নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি খোলা থাকবে কি না, কিংবা কী নিয়মে চলবে এসব সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নয় বরং বাস্তব পরিস্থিতির ভিত্তিতে নির্ধারিত হয়।
জনমত প্রভাবিত করতে গণমাধ্যম যুদ্ধও চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেন গালিবাফ। তবে ইরানি জনগণ এসব কৌশলে প্রভাবিত হবে না বলেও দাবি করেন তিনি।
গালিবাফ জানান, সাম্প্রতিক আলোচনার প্রকৃত ও সঠিক তথ্য জানতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাক্ষাৎকার দেখতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে মধ্যস্থতাকারী আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গালিবাফ।
/এএন