×
Logo

আন্তর্জাতিক

যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান: সেনাপ্রধান

যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসন মোকাবেলায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সর্বদা সতর্ক অবস্থানে আছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। খবর তাসনিম নিউজ এজেন্সির। 

শুক্রবার (১৭ এপ্রিল) আর্মি ডে উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন। বার্তায় সেনাবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা ও প্রস্তুতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

ইরানের সেনাপ্রধান বলেছেন, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশনা অনুসরণ করে এবং দেশীয় সক্ষমতা, আধুনিক জ্ঞান ও দৃঢ় মনোবলের ওপর নির্ভর করে ইরানি সেনাবাহিনী জাতির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আত্মনিবেদিত রয়েছে।

তিনি আরও বলেন, দৃঢ় সংকল্প, তীক্ষ্ণ নজরদারি ও শক্ত অবস্থানের মাধ্যমে সেনাবাহিনী সব ধরনের শত্রুতামূলক তৎপরতা মোকাবেলায় প্রস্তুত। প্রয়োজনে শেষ নিশ্বাস পর্যন্ত দেশের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বাহিনী। 

আমির হাতামি জনগণকে আশ্বস্ত করেছেন, অতীতের মতোই ভবিষ্যতেও সেনাবাহিনী ইসলামি বিপ্লবের আদর্শ বাস্তবায়ন এবং জনগণের সেবায় অটল থাকবে এবং সম্মান ও প্রতিরোধের সঙ্গে তাদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে।

/এএন/এমএন

Logo