তেহরানে পেজেশকিয়ান, আসিম মুনির বৈঠক; গুরুত্ব পেল শান্তি আলোচনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার জট খুলতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ও ফিল্ড মার্শাল আসিম মুনির।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তেহরানের প্রেসিডেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের উচ্চপদস্থ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দুই নেতা চলমান যুদ্ধবিরতি বজায় রাখা এবং দ্বিতীয় ধাপের 'ইসলামাবাদ শান্তি আলোচনা' শুরু করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাথেও পৃথক বৈঠক করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ সময় সংঘাত নিরসনে পাকিস্তান ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরানের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন।
বিশ্লেষকরা বলছেন, গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর, আসিম মুনিরের এই তেহরান সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
/এএ