×
Logo

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আরাঘচির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আরাঘচির ফোনালাপ

ইরান  ও যুক্তরাষ্ট্রের মধ্য চলমান যুদ্ধবিরতির মাঝে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি । 

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি বলেন, আশা করছি, দ্রুতই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দু'দেশ একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে। 

একইসাথে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মনে করেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। তবে, অবশ্যই তা যুক্তরাষ্ট্রের কোন ধরনের 'হস্তক্ষেপ  ছাড়া হতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন দফার আলোচনা ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়লেও, এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে অচলাবস্থা রয়েই  গেছে। তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতির সময়ই শুধু নয় বরং এর আগেও যখন দুই দেশ সরাসরি সংঘাতে জড়ায়, সেই মুহূর্তেও দু'দেশের মধ্যে যোগাযোগ বজায় ছিল। এসব যোগাযোগ মূলত ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের মধ্যস্থতার মাধ্যমে পরিচালিত হয়েছে।

তবে, ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন, ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এখনও চালু রয়েছে। এতে করে নতুন দফার আলোচনার পরিবেশ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেয়নি ইরান ও যুক্তরাষ্ট্র।

এদিকে, পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখতে পাঁচ বছরের প্রস্তাব দিয়েছে ইরান। তবে, এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জ্যেষ্ঠ ইরানি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়। 

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সর্বোচ্চ পাঁচ বছর বন্ধ রাখতে চাইলেও, যুক্তরাষ্ট্র সেখানে ২০ বছরের শর্ত দিয়েছে। ফলে, দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

চলমান সংকট নিরসনে, দুটি বড় চ্যালেঞ্জ হলো পারস্পরিক আস্থার ঘাটতি ও একে অপরের ওপর অনাস্থা। বিশেষকরে, ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা অসম্ভব। এছাড়াও তিনি মন্তব্য করেছেন, যুদ্ধে যেসব শর্ত ছিল, আলোচনার টেবিলে তার তিনগুন বেশি অযৌক্তিক দাবি করেছে মার্কিন প্রতিনিধি দল। 

উল্লেখ্য, ইসলামাবাদে, শান্তি আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাঘের গালিবাফ। অন্যদিকে, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। 

/এওয়াইএ//এআই

Logo