ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প পোপকে অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্রনীতিতে 'ভয়াবহ' বলে আখ্যা দেন।
এছাড়া, এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা এমন কোনো পোপকে চাই না, যে বলবে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক। এমন কোনো পোপ চাই না যিনি বলবেন আমাদের শহরগুলোতে অপরাধ করা ঠিক আছে। আমি পোপ লিওর খুব একটা ভক্ত নই। তিনি একজন অত্যন্ত উদারপন্থী ব্যক্তি এবং এমন একজন মানুষ যিনি অপরাধ দমনে বিশ্বাস করেন না।
তার মতে, পোপের উচিত রাজনীতিতে না জড়িয়ে একজন ধর্মীয় নেতা হিসেবে নিজের দায়িত্ব পালনে মনোযোগ দেয়া।
গত মাসে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে পাম সানডের এক ভাষণে পোপ বলেছিলেন, ঈশ্বর যুদ্ধবাজ নেতা এবং যাদের হাত রক্তে রঞ্জিত, তাদের প্রার্থনা কবুল করেন না।
ইরান যুদ্ধকে তিনি ‘নৃশংস’ বলে অভিহিত করেন। একই সঙ্গে সহিংসতা কমিয়ে যুদ্ধ বন্ধের একটি বিকল্প উপায় খুঁজতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ। সেই মন্তব্যের জেরেই ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
/এমএন