অন্য দেশগুলোর সাহস নেই, তাই যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি সাফ করছে: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এখন হরমুজ প্রণালি পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করেছি। বিশ্বের বিভিন্ন দেশের জন্য এটি করছি, যার মধ্যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি এবং আরও অনেক দেশ রয়েছে। আশ্চর্যের বিষয়, তারা নিজেরা এই কাজটি করার সাহস বা ইচ্ছা দেখাচ্ছে না।
শনিবার (১১ এপ্রিল) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।
এতে ট্রাম্প দাবি করেন, তাদের (ইরান) নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর, রাডার ব্যবস্থা ধ্বংস, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানাগুলো বড় অংশেই ধ্বংস হয়ে গেছে, সেইসাথে ক্ষেপণাস্ত্র ও ড্রোনও ধ্বংস হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে, তাদের দীর্ঘদিনের নেতারা আর বেঁচে নেই সেজন্য আল্লাহর কাছে প্রশংসা।
তিনি বলেন, তাদের হাতে এখন একমাত্র যে জিনিসটি আছে তা হলো— সম্ভাবনা, যেমন কোনো জাহাজ তাদের পাতা সমুদ্রের মাইনে ধাক্কা খেতে পারে। পাশাপাশি তাদের ২৮টি মাইন স্থাপনকারী নৌযানও এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে বলেও দাবি করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ভুয়া সংবাদমাধ্যম তাদের সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। যদিও শুরু থেকেই তাদের তেমন কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না। তাদের চরম 'ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম'-এর কারণে তারা বলতে ভালোবাসে যে ইরান জিতছে, অথচ বাস্তবে সবাই জানে তারা হেরে যাচ্ছে এবং ভয়াবহভাবে হেরে যাচ্ছে।
এছাড়া, বিভিন্ন দেশের খালি তেলবাহী জাহাজ এখন তেল বোঝাই করার জন্য যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
/এএ/এনএ