×
Logo

আন্তর্জাতিক

ইসরায়েলকে নিয়ে মন্তব্যের পর পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০২:০৮ পিএম

ইসরায়েলকে নিয়ে মন্তব্যের পর পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইসলায়েলকে মানবতার জন্য অভিশাপ ও ক্যান্সারসদৃশ রাষ্ট্র বলে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ দেওয়া পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) খাজা আসিফ পোস্টটি দেওয়ার পর দ্রুতই আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এর তীব্র নিন্দা জানানো হয়। 

সেখানে বলা হয়, এই ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। 

মুছে ফেলা পোস্টে খাজা আসিফ লেখেন, ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে, তখন লেবাননে গণহত্যা চলছে। তিনি আরও লেখেন, প্রথমে গাজা, এরপর ইরান এবং এখন লেবানন, ইসরায়েলের কারণে রক্তপাত যেন থামছেই না। একই সঙ্গে তিনি ইসরায়েলের তীব্র সমালোচনা করে লেখেন, আশা করি এবং প্রার্থনা করি, যারা ইউরোপীয় ইহুদিদের সরিয়ে দিতে ফিলিস্তিনি ভূমিতে এই ক্যান্সারসদৃশ রাষ্ট্র তৈরি করেছে, তারা যেন জাহান্নামের আগুনে পুড়ে।   

তবে বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পোস্টটি মুছে ফেলেন। 

/এএন  

Logo