×
Logo

Live Icon সরাসরি

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা অব্যাহত থাকবে: আইডিএফ'র চিফ অব স্টাফ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা অব্যাহত থাকবে: আইডিএফ'র চিফ অব স্টাফ

ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ইয়াল জামির। বুধবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।  

ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমরা সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব এবং প্রতিটি সুযোগ কাজে লাগাব।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের (ইসরায়েলের) বাসিন্দাদের নিরাপত্তার বিষয়ে আমরা কোনো আপস করবো না। আমরা বিরতিহীনভাবে হামলা চালিয়ে যাব।

এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, সীমান্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অবস্থানেই রয়েছে ইসরায়েল।

/এনএ 

০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

লেবাননে ‘বিচারহীন বোমা হামলা’ বন্ধে ইসরায়েলকে স্পেনের আহ্বান

লেবাননে ‘বিচারহীন বোমা হামলা’ বন্ধে ইসরায়েলকে স্পেনের আহ্বান

লেবাননে ইসরায়েলের ‘বিচারহীন’ বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস।

বুধবার (৮ এপ্রিল) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা উত্তেজনা প্রশমন, কূটনীতির ব্যবহার এবং আলোচনায় ফেরার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে। একই সঙ্গে ইরান ও তাদের সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে নিশ্চিত করতে হবে, তারা এ অঞ্চলের দেশগুলোর ওপর হামলা বন্ধ করবে। পাশাপাশি লেবাননকে শান্তি প্রক্রিয়া ও চলমান আলোচনার অংশ করার আহ্বানও জানান তিনি। 

তিনি আরও জানান, স্পেন ইউনাইটেড নেশন্স ইন্টেরিম ফোর্স ইন লেবানন-কে সমর্থন করে এবং এই শান্তিরক্ষী মিশনের ওপর হামলাও বন্ধ করতে হবে।

উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১৯৭৮ সালের মার্চে এই মিশন গঠন করে, যার লক্ষ্য ছিল লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা এবং সংশ্লিষ্ট এলাকায় লেবানন সরকারের কার্যকর কর্তৃত্ব পুনঃস্থাপনে সহায়তা করা।

০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম

লেবাননে জানাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১০

লেবাননের পূর্বাঞ্চলে জানাজা চলাকালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যশনাল নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়, বেকা উপত্যকার শ্মেস্তার গ্রামের একটি কবরস্থানে এই হামলা চালানো হয়। হামলার সময় সেখানে একটি জানাজা অনুষ্ঠিত হচ্ছিল। এতে আরও অন্তত চারজন আহত হয়েছেন।

এদিকে, ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও চিকিৎসকরা এখনও তৎপর রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম

লেবাননে ‘নিরস্ত্র বেসামরিকদের’ হত্যা করছে ইসরায়েল: লেবাননের প্রধানমন্ত্রী

ইসরায়েল লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়ে “নিরস্ত্র বেসামরিক মানুষ” হত্যা করছে বলে অভিযোগ করেছেন, দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। বুধবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।  

এক বিবৃতিতে লেবাননের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে যুদ্ধ বন্ধের সব প্রচেষ্টাকেই উপেক্ষা করে যাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিও তাদের কোনো শ্রদ্ধা নেই। পাশাপাশি এই আগ্রাসন বন্ধে লেবাননের সব বন্ধু দেশকে যেকোনো উপায়ে আমাদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি।  

তার এই বক্তব্য লেবাননে চলমান হামলা ও বেসামরিক হতাহতের ঘটনায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Logo