×
Logo

Live Icon সরাসরি

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন হয়েছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তির ফলে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেছেন।

যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে দেখছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়। ১০০ শতাংশ। এতে কোনো প্রশ্ন নেই।

ইরানের অবশিষ্ট পারমাণবিক উপাদানও যেকোনো শান্তিচুক্তির আওতায় আনা হবে বলে ট্রাম্পের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইউরেনিয়াম কীভাবে ব্যবস্থাপনা করা হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য না দিয়ে ট্রাম্প বলেন, সবকিছুই পুরোপুরি সমাধান করা হবে, নাহলে আমি এই চুক্তিতে যেতাম না।

প্রসঙ্গত, ইরানে নরক নামিয়ে আনার হুমকি-ধমকি দিয়ে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে স্রোতের বিপরীত দিকে গিয়ে অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে যুদ্ধবিরতির পেছনে একটি শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, ইরান সম্পূর্ণ ও নিরাপদভাবে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে রাখলে  এই স্থগিতাদেশ কার্যকর থাকবে, নাহলে যুদ্ধবিরতি ভঙ্গ হবে। 

/এসআইএন


০৮ এপ্রিল ২০২৬, ০১:০৮ পিএম

হরমুজে জাহাজের জট নিরসনে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজের জট নিরসনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আমরা বিভিন্ন ধরনের সরবরাহ নিয়ে সেখানে প্রস্তুত থাকবো। সবকিছু যাতে ভালোভাবে চলে তা নিশ্চিত করার জন্য সেখানে অবস্থান করব। এটা হতে পারে মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ!!!

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে তা বিস্তারিত জানাননি ট্রাম্প। তিনি বলেন, এখানে বড় অঙ্কের অর্থ আয় হবে। ইরান পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারবে।

০৮ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পতাকা পুড়িয়ে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরানিরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পতাকা পুড়িয়ে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরানিরা

তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইরানিরা। 


০৮ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম

যুদ্ধবিরতি কার্যকরে ইরানিদের আনন্দ মিছিল

যুদ্ধবিরতি কার্যকরে ইরানিদের আনন্দ মিছিল

যুদ্ধবিরতি কার্যকরের পরেই আনন্দ মিছিল করেছে ইরানিরা। খবর শুনেই রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হন শত শত নাগরিক। নারী-পুরষ শিশুসহ যোগ দেন সব বয়সীরা।

০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এএম

যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়: নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সাম্প্রতিক প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু  জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে সমর্থন করছে যেখানে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, 'এই যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করে না।' 

০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ এএম

যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে অন্তত ১৫ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চুক্তির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব দেখা গেছে।  গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তের কারণে তেলের দাম কমেছে উল্লেখযোগ্য হারে এবং বিশ্ব শেয়ারবাজারে ফিরে এসেছে আস্থা।

বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১৫.৯% কমে ব্যারেল প্রতি ৯২.৩০ ডলারে নেমে এসেছে, আর যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম প্রায় ১৬.৫% কমে ৯৩.৮০ ডলারে দাঁড়িয়েছে।



০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম

যুদ্ধবিরতির সময় হরমুজে টোল নেবে ইরান ও ওমান

যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করবে ইরান ও ওমান। ইরানের আধা-সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, এ অর্থ ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে খরচ করবে ইরান। তবে ওমান এ অর্থ নিয়ে কী করবে তা এখনও নিশ্চিত নয়। যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত বন্ধ রয়েছে হরমুজ প্রণালী।

এদিকে সামুদ্রিক জাহাজ ট্র্যাকিং সাইটের তথ্য বলছে, আগের তুলনায় মাত্র ৫ শতাংশ জাহাজই পার হচ্ছে এ পথ দিয়ে। ভারত, পাকিস্তানসহ বেশ কিছু দেশের পতাকাবাহী জাহাজ চলাচল করছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, প্রতি জাহাজ থেকে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত ফি নিচ্ছে ইরান। তবে জাহাজ মালিকরা এই অর্থ পরিশোধ করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Logo