×
Logo

আন্তর্জাতিক

বিবিসির প্রতিবেদন

ইরানের ইসফাহান শহরের দক্ষিণে বিমান ধ্বংসাবশেষের সত্যতা মিলেছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম

ইরানের ইসফাহান শহরের দক্ষিণে বিমান ধ্বংসাবশেষের সত্যতা মিলেছে

অনলাইনে ছড়িয়ে পড়া যাচাইকৃত ভিডিও ও একাধিক ছবিতে মধ্য ইরানের একটি পাহাড়ি এলাকায় পোড়া ও ধোঁয়াচ্ছন্ন বিমান ধ্বংসাবশেষ দেখা যায়। ছবিগুলোর পেছনের পাহাড়ি চূড়া ও ভূ-প্রকৃতি গুগল আর্থ-এর থ্রিডি চিত্রের সঙ্গে মিলিয়ে দেখা হলে নিশ্চিত হওয়া যায়, ঘটনাস্থলটি ইসফাহান শহরের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। 

রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

ইরানের সামরিক বাহিনীর দাবি, ভূপাতিত মার্কিন 'এফ-১৫-ই' যুদ্ধবিমান উদ্ধারে পরিচালিত অভিযানের সময় দুটি 'সি-১৩০ হারকিউলিস' পরিবহন বিমান ও দুটি 'ইউএইচ-৬০ ব্ল্যাক হক' হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। এছাড়া দক্ষিণ ইসফাহানের একটি পরিত্যক্ত বিমানবন্দরে চালানো 'প্রতারণা ও পালানোর মিশন' ব্যর্থ করে দেওয়ার কথাও জানায় তারা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস-এর প্রতিবেদনে কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, অভিযানে ব্যবহৃত দুটি পরিবহন বিমান ইরানের একটি দূরবর্তী ঘাঁটি থেকে উড্ডয়ন করতে ব্যর্থ হয় এবং সেগুলো শত্রুর হাতে পড়া ঠেকাতে ধ্বংস করা হয়।

তবে ইরান ও যুক্তরাষ্ট্র—দুই পক্ষের কোনো দাবিই এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে, ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও সামরিক বিশ্লেষকদের কাছে পাঠানো হয়েছে, যাতে সেগুলোর প্রকৃতি ও উৎস নিশ্চিত করা যায়।

/এনএ 

Logo