×
Logo

আন্তর্জাতিক

মার্কিন সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ র‍্যান্ডি জর্জ

যুক্তরাষ্ট্রের সেনাদের সাহসী নেতৃত্ব অত্যন্ত জরুরি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪১ এএম

যুক্তরাষ্ট্রের সেনাদের সাহসী নেতৃত্ব অত্যন্ত জরুরি

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিফ অব স্টাফ পদ থেকে সরিয়ে দেওয়ার পর বিদায়ী বার্তায় জেনারেল র‍্যান্ডি জর্জ বলেছেন, মার্কিন সেনাদের 'সাহসী নেতৃত্ব' অত্যন্ত জরুরি। 

এক নাটকীয় সিদ্ধান্তে জেনারেল র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) পেন্টাগনের শীর্ষ পর্যায়ে চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একাধিক কর্মকর্তা।

শনিবার (৫ এপ্রিল) একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেনারেলদের একটি বিদায়ী ইমেইল পাঠিয়েছেন জর্জ। 

ইমেইলে জর্জ লেখেন, দেশের সেবায় সৈনিকদের নেতৃত্ব দেওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি বলেন, 'আপনারা মিশনে মনোযোগ ধরে রাখবেন, নতুনত্ব আনবেন এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে জয়ের জন্য প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবেন।'

সেনাদের প্রশংসা করে তিনি আরও বলেন, 'আমাদের সৈনিকরা বিশ্বের সেরা। তারা কঠোর প্রশিক্ষণ এবং সাহসী, চরিত্রবান নেতৃত্ব পাওয়ার যোগ্য।'

এর আগে, জর্জ ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সিনিয়র সামরিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ২০২৩ সালে তিনি আর্মি চিফ অব স্টাফ হন—যে পদে সাধারণত চার বছরের মেয়াদ থাকে।

পেন্টাগনের মুখপাত্র পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান, জর্জের দীর্ঘদিনের সেবার জন্য তাকে ধন্যবাদ জানাই।

বর্তমান ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানেভ ভারপ্রাপ্ত আর্মি চিফ হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে কেবল র‍্যান্ডি জর্জই নন, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনি এবং চ্যাপলিন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিন। 

এর আগে, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল সি. কিউ. ব্রাউনসহ নৌ ও বিমানবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে।

/এআই 

Logo