×
Logo

খেলাধুলা

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ-আলকারাজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ-আলকারাজ

মেলবোর্নে দুই সেমিফাইনালেই পাঁচ সেটের রুদ্ধশ্বাস ম্যাচে লড়াই করে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ। শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। 

২২ বছর বয়সী স্প্যানিশ তারকা আলকারাজ দীর্ঘ ৫ ঘণ্টা ২৭ মিনিটের ম্যাচে জার্মান আলেকজান্ডার জিভেরভকে হারিয়ে প্রথমবারের মতো নিজের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল নিশ্চিত করেন। তারপরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ৩৮ বছর বয়সী সার্বিয়ান তারকা জোকোভিচ বর্তমান চ্যাম্পিয়ন ইতালিয়ান তারকা জান্নিক সিনারকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন। 

এর আগে, ২০২৪ সালের উইম্বলডনের পর এটি জোকোভিচের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। শিরোপা জিততে পারলে, ২০২৩ ইউএস ওপেনের পর এটিই হবে তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় এবং অস্ট্রেলিয়ান ওপেনে ১১তম। তবে তার সামনে রয়েছে বর্তমান বিশ্বসেরা আলকারাজ। 

জিভেরেভকে হারিয়ে জয় নিশ্চিত করার পর কোর্টে লুটিয়ে পড়েন ২২ বছর বয়সী স্প্যানিশ তারকা। এই জয় তাকে ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা ইতিহাসের সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হওয়ার পথে রেখেছে। 

পুরুষ এককের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার। এর আগে, শনিবার নারী এককের ফাইনালে মুখোমুখি হবেন বিশ্বসেরা আরিনা সাবালেঙ্কা ও সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনা।

/এআই

Logo