পাসওয়ার্ড হ্যাক! এখনই প্রয়োজন সতর্কতা
আব্দুল্লাহ আল মেহরাব
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:২৬ পিএম
আমাদের দৈনন্দিন জীবনে অনলাইনে কাজ করা এখন একটি অপরিহার্য বিষয়। ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক, ডাক্তার সব পেশার মানুষের জন্য, এটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই আধুনিক যুগে। অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম ব্যবহারে আছে নানা ঝক্কি ঝামেলাও। তার ভেতর অন্যতম
পাসওয়ার্ড লিক বা হ্যাক। ধরুন আপনি একজন ব্যবসায়ী, সকাল সকাল অফিসে গিয়েই জানতে পারলেন খুবই গুরুত্বপূর্ণ একটা অংশে পাসওয়ার্ড লিক হয়েছে, কী করবেন তখন?
বর্তমান ডিজিটাল যুগে আমাদের জীবন প্রায় পুরোপুরি অনলাইনের ওপর নির্ভরশীল। ফেসবুক, জিমেইল, ব্যাংকিং, ইউটিউব, ই-কমার্স সবই এখন পাসওয়ার্ড দিয়ে নিয়ন্ত্রিত। এই পাসওয়ার্ড লিক বা পাসওয়ার্ড ফাঁস হওয়া অনেক বড় একটি সমস্যা, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, টাকা-পয়সা এমনকি পরিচয় পর্যন্ত ঝুঁকিতে ফেলতে পারে।
এখনকার সময় সাইবার অপরাধীদের অন্যতম প্রধান লক্ষ্য হলো, সাধারণ ব্যবহারকারীদের দুর্বল পাসওয়ার্ড এবং অসচেতনতা।
পাসওয়ার্ড হ্যাক বা লিক হলো এমন একটি পরিস্থিতি, যেখানে আপনার লগইন তথ্য (ইউজারনেম, ই-মেইল, পাসওয়ার্ড) কোনো কারণে অনলাইন ডেটাবেস, হ্যাকিং, ফিশিং বা থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে ফাঁস হয়ে যায় এবং হ্যাকারদের হাতে চলে যায়।
বিশ্বজুড়ে বড় বড় প্ল্যাটফর্ম যেমন গুগল, মেটা, মাইক্রোসফট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মাঝেমধ্যেই ডেটা ব্রিচের ঘটনা ঘটে। যা কোটি কোটি ব্যবহারকারীর তথ্য ঝুঁকিতে ফেলে দেয়।
এমন ঘটনার পেছনের কারণগুলোর একটি হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, ফিশিং অ্যাটাক। যে পদ্ধতিতে ভুয়া ওয়েবসাইট বা ই-মেইল ব্যবহার করে ইউজারদের পাসওয়ার্ড চুরি করা হয়। দুর্বল পাসওয়ার্ড ব্যবহারও দায়ী। যেমন অনেকে '123456' বা পাসওয়ার্ড হিসেবে 'password'কিংবা নিজের বা কাছের কারও নাম ব্যবহার করেন। যা হ্যাক করা খুব সহজ। একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহারও ঝুঁকিপূর্ণ।
থার্ড-পার্টি অ্যাপ ও ওয়েবসাইটে লগইন করলে এর মাধ্যমেও ডেটা চুরি হতে পারে। এছাড়া ডেটাবেস হ্যাকিং বা কোনো কোম্পানির সার্ভার হ্যাক হলে লাখ লাখ ইউজারের তথ্য একসাথে ফাঁস হয়ে যায়। ঝুঁকিতে পড়ে কোম্পানির নিরাপত্তা।
কীভাবে বুঝবেন আপনার পাসওয়ার্ড লিক হয়েছে?
* অজানা জায়গা থেকে লগইন নোটিফিকেশন
* অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা
* পাসওয়ার্ড কাজ না করা
* বন্ধুদের কাছে স্প্যাম মেসেজ যাওয়া
* ইমেইলে সিকিউরিটি অ্যালার্ট আসা
অনলাইনে প্রতিদিনই হাজারও কোম্পানি ও অ্যাপে ডেটা ব্রিচ ঘটছে। ফলে অনেক সময় ব্যবহারকারীদের ই-মেইল ও পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যাচ্ছে। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, আপনি হয়ত জানেনই না যে আপনার তথ্য ইতোমধ্যে ফাঁস হয়ে গেছে।
কীভাবে চেক করবেন আপনার পাসওয়ার্ড লিক হয়েছে কিনা?
বিশ্বের কিছু বিশ্বস্ত টুল আছে যেগুলো দিয়ে সহজেই চেক করা যায় আপনার পাসওয়ার্ড নিরাপদ কিনা।
এরমধ্যে একটি Have I Been Pwned। এটি সবচেয়ে জনপ্রিয় টুল।
এটি একটি ফ্রি টুল, যা ই-মেইল দিয়ে চেক করা যায় আপনার তথ্য কোনো ডেটা ব্রিচে আছে কিনা।
ব্যবহার করার ধাপ :
* ওয়েবসাইটে যান
* আপনার ই-মেইল লিখুন
* 'pwned'ক্লিক করুন
* রেজাল্ট দেখুন
ফলাফল 'নো ব্রিচ' মানে আপনার পাসওয়ার্ড নিরাপদ। আর 'ব্রিচ ফাউন্ড' মানে আপনার তথ্য ফাঁস হয়েছে।
যদি পাসওয়ার্ড লিক পাওয়া যায় তাহলে কী করবেন?
বিশেষজ্ঞরা বলছেন, পাসওয়ার্ড লিক হয়েছে বুঝলেই সম্ভব হলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করুন। অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। যেমন বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা, স্পেশাল ক্যারেক্টার।
যেসব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করেছেন, সব পরিবর্তন করুন।
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। না করলে হ্যাকাররা একাধিক অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারে।
টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন। এটি আপনার অ্যাকাউন্টকে অতিরিক্ত সুরক্ষা দেয়। এতে লগইন করতে OTP বা কোড লাগবে। লগইন অ্যাক্টিভিটি চেক করুন। অচেনা ডিভাইস বা লোকেশন থেকে লগইন হলে সঙ্গে সঙ্গে লগআউট করুন।
পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন। 1Password বা Bitwarden-এর মতো টুল ব্যবহার করলে প্রতিটি অ্যাকাউন্টে আলাদা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা সহজ হয়।
ভবিষ্যতে পাসওয়ার্ড লিক হওয়া থেকে নিরাপদ থাকার সতর্ককতা
* শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। কমপক্ষে ১২-১৬ অক্ষরের জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন।
* অচেনা লিংকে ক্লিক করবেন না
* নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন
* সফ্টওয়্যার আপডেট রাখুন
বর্তমান ডিজিটাল যুগে পাসওয়ার্ড লিক একটি সাধারণ কিন্তু অত্যন্ত বিপজ্জনক সমস্যা। তাই সচেতনতা, দ্রুত পদক্ষেপ এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাই পারে বড় ধরনের ক্ষতির হাত থেকে সহজেই বাঁচাতে।