'ম্যানাস' কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিলো চীন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) স্টার্টআপ ‘ম্যানাস’ ক্রয়ে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটার ২০০ কোটি ডলারের চুক্তিটি আটকে দিয়েছে চীনা নিয়ন্ত্রক সংস্থা। গত ডিসেম্বরে ঘোষিত এই চুক্তির মাধ্যমে ম্যানাসের স্বায়ত্তশাসিত এআই এজেন্ট প্রযুক্তি ব্যবহার করে নিজেদের প্ল্যাটফর্মগুলোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা ছিল মেটার।
সোমবার (২৭ এপ্রিল) বিবিসি'র প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এই চুক্তিতে বিদেশি বিনিয়োগ নিষিদ্ধ করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে এই অধিগ্রহণ প্রক্রিয়া থেকে সরে আসার নির্দেশ দিয়েছে।
তবে মেটার মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, 'এই লেনদেন প্রচলিত আইন মেনেই করা হয়েছে। আমরা আশা করছি তদন্তের মাধ্যমে এর একটি যথাযথ সমাধান আসবে।'
সিঙ্গাপুরে সদর দফতর হলেও ম্যানাস-এর প্রতিষ্ঠাতা এবং কার্যক্রমের একটি বড় অংশ চীনভিত্তিক হওয়ায় এটি দেশটির কঠোর প্রযুক্তি রফতানি ও বিক্রয় আইনের আওতায় পড়েছে। মূলত চীনের জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং উন্নত এআই প্রযুক্তি বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাওয়া রোধ করতেই বেইজিং এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, ম্যানাসের এআই এজেন্টগুলো প্রচলিত চ্যাটবটের মতো নয়; এগুলো কোনো বাড়তি সাহায্য ছাড়াই জটিল কাজ নিজে থেকে পরিকল্পনা ও সম্পাদন করতে সক্ষম। মেটার সিইও মার্ক জাকারবার্গ এআই উন্নয়নে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের যে পরিকল্পনা নিয়েছিলেন, চীনের এই নিষেধাজ্ঞার ফলে তা বড়সড় ধাক্কা খেলো।
/এএ