অ্যাপলের সিইও টিম কুকের পদত্যাগের ঘোষণা, নতুন সিইও জন টার্নাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পিএম
অ্যাপল ঘোষণা দিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে কোম্পানির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেবেন জন টার্নাস। বর্তমানে তিনি কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
একই সঙ্গে বর্তমান সিইও টিম কুক অ্যাপলের বোর্ড অব ডিরেক্টরসের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন।
কোম্পানিটি জানিয়েছে, এই নেতৃত্ব পরিবর্তনটি বোর্ড সর্বসম্মতভাবে অনুমোদন করেছে এবং এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
অ্যাপল বিবৃতিতে বলেছে, আগামী ১ সেপ্টেম্বর জন টারনাস আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তবে অ্যাপলের বর্তমান সিইও টিম কুক বিদায় নিচ্ছেন না। তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে যুক্ত থাকবেন।
২০১১ সালে স্টিভ জবসের পর সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিম কুকের নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য ৩৫০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। এই সময়ে অ্যাপল ওয়াচ, এয়ারপডস, অ্যাপল সিলিকনসহ একাধিক গুরুত্বপূর্ণ পণ্য বাজারে আসে এবং কোম্পানির ব্যবসা দ্রুত সম্প্রসারিত হয়।
অন্যদিকে, ২০০১ সালে অ্যাপলে যোগ দেন টারনাস। ম্যাক কম্পিউটারকে নতুন করে জনপ্রিয় করার পেছনে তার বড় ভূমিকা রয়েছে। এআইয়ের দৌড়ে পিছিয়ে পড়ায় বিনিয়োগকারীরা অ্যাপলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তাই, এআই বাজারে প্রভাব বিস্তার করতে সিইও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি বলে জানিয়েছে বিশ্লেষকরা।
/এওয়াইএ/এআই