×
Logo

বিনোদন

এশিয়া-প্যাসিফিক ফেস্টিভ্যালে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক ইসরাফিল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম

এশিয়া-প্যাসিফিক ফেস্টিভ্যালে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক ইসরাফিল

১৮তম এশিয়া-প্যাসিফিক বন্ড অব থিয়েটার স্কুলস ফেস্টিভ্যাল ও ডিরেক্টর্স’ কনফারেন্স ২০২৫–এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। অনুষ্ঠানটি ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চীনের শাংহাই থিয়েটার অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হবে।

কিনোট বক্তব্যের পাশাপাশি অধ্যাপক শাহীন সপ্তাহব্যাপী উৎসবে থিয়েটার বিষয়ক মাস্টারক্লাস, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়াম সেশন পরিচালনা করবেন। তিনি কারা থিয়েটার, কিশোর সংশোধনাগারভিত্তিক থিয়েটার এবং মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে থেরাপিউটিক থিয়েটার নিয়ে তার দীর্ঘদিনের গবেষণা ও কার্যক্রম উপস্থাপন করবেন।

এসটিএ'র ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ২০২৫ সালের এ উৎসবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২৫টিরও বেশি দেশ ও থিয়েটার স্কুল থেকে পরিচালক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নেবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে—চীন, ভারত, কোরিয়া, সিঙ্গাপুর, হংকং, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন এবং বাংলাদেশ।

উৎসবে থাকছে—

• থিয়েটার শিক্ষা ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে ডিরেক্টর্স’ কনফারেন্স

• অভিনয়, নির্দেশনা, মুভমেন্ট ও স্টেজ টেকনোলজি বিষয়ক কর্মশালা ও মাস্টারক্লাস

• বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনা ও শোকেস

• একাডেমিক ফোরাম, সিম্পোজিয়াম ও রাউন্ডটেবিল আলোচনা

• আন্তর্জাতিক ট্যুরিং, অর্থায়ন ও নাট্যনবীনতা (ইনোভেশন) বিষয়ক শিল্পবিষয়ক (ইন্ডাস্ট্রি) প্যানেল ও বিনিময় কর্মসূচি

শাংহাই থিয়েটার অ্যাকাডেমি ইউনেস্কো–আইটিআই–সংযুক্ত APB নেটওয়ার্কের একটি প্রধান সদস্য ও নিয়মিত আয়োজক। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই আঞ্চলিক নেটওয়ার্কটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের থিয়েটার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণা, বিনিময় ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে।

/এটিএম

Logo