×
Logo

খেলাধুলা

মাঠে ছন্নছাড়া দল, বাইরে মুসলিম সমর্থকদের তোপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

মাঠে ছন্নছাড়া দল, বাইরে মুসলিম সমর্থকদের তোপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক

খেলার মাঠে একের পর এক হার, আর মাঠের বাইরে মালিকপক্ষের বর্ণবাদী ও বিতর্কিত মন্তব্যে ফুটবলপ্রেমীদের দুয়োতে দিশেহারা ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে চার ম্যাচের দুটিতেই হার। টেবিলের ১৩ নম্বরে নেমে গিয়ে মাঠে যখন ছন্নছাড়া রেড ডেভিলরা, ঠিক তখনই ক্লাবের ড্রেসিংরুমের বাইরের বাতাস ভারী করে তুললেন সহ-মালিক স্যার জিম র‍্যাটক্লিফ।

যুক্তরাজ্যের উচ্চ কর ও অভিবাসন ব্যবস্থা নিয়ে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্য করেন ব্রিটিশ এই ধনকুবের। যুক্তরাজ্য ‘অভিবাসীদের দ্বারা উপনিবেশিত হচ্ছে’ তার এমন মন্তব্যে শুরু হয় তীব্র সমালোচনা। পরবর্তীতে ক্ষোভের মুখে ক্ষমা চাইলেও থামেনি বিতর্ক।

র‍্যাটক্লিফের এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে 'ম্যানচেস্টার ইউনাইটেড মুসলিম সাপোর্টার্স গ্রুপ'। এক বিবৃতিতে তারা র ্যাটক্লিফের মন্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও হতাশাজনক বলে আখ্যা দিয়েছে। সেই সাথে পারফরম্যান্সের পতন ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে গ্লেজার পরিবার ও র‍্যাটটফ্লিকের ক্লাব ছাড়ার দাবি জানিয়েছে তারা।

২০২৪ সালে ইউনাইটেডের ২৭ দশমিক ৭ শতাংশ মালিকানা কিনে নেয়ার পর থেকেই ক্লাবে ব্যাপক ছাঁটাই অভিযান চালান র‍্যাটক্লিফ। তুলে দেয়া হয় সাড়ে চারশো পদ, পরিবর্তন আসে শীর্ষ ব্যবস্থাপনায়, এমনকি বরখাস্ত করা হয় দুজন কোচকেও।

তবে এতসব রদবদলের পরও মাঠে মেলেনি সাফল্য। ম্যানচেস্টার ডার্বি ও ব্রাইটনের কাছে হারের পর এখন মালিকপক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল ওল্ড ট্র্যাফোর্ড। মাঠের পারফরম্যান্স আর বাইরের বিতর্ক সামলে ইউনাইটেড কীভাবে আবার ঘুরে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

/এমএইচআর

Logo