×
Logo

খেলাধুলা

ফাইনালের বিশৃঙ্খলায় ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:১৩ এএম

ফাইনালের বিশৃঙ্খলায় ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত পরিস্থিতিকে কেন্দ্র করে আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করেছে ফিফা। ম্যাচ শেষে খেলোয়াড় ও কোচিং স্টাফদের জড়িয়ে সংঘর্ষ, লাল কার্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আচরণ— সবকিছুই তদন্তের আওতায় এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউজার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। তবে ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা নিয়ে শেষ পর্যন্ত হচ্ছে ফিফার শাস্তিমূলক তদন্ত।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ফিফার শৃঙ্খলা কমিটি ম্যাচ রেফারির প্রতিবেদন, আনুষ্ঠানিক নথিপত্র এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ শেষে সহিংস আচরণের অভিযোগে লাল কার্ড দেখেন তিনি। অভিযোগ রয়েছে, স্পেনের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার।

এছাড়া স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা।

আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। অভিযোগ, ম্যাচ-পরবর্তী বিশৃঙ্খলার সময় তিনি স্পেনের দানি ওলমোর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

শুধু সংঘর্ষই নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আর্জেন্টিনার আচরণ খতিয়ে দেখছে ফিফা। অভিযোগ, স্পেন ট্রফি উঁচিয়ে ধরার সময় লিওনেল স্কালোনির দলের কয়েকজন সদস্য ইচ্ছাকৃতভাবে মুখ ফিরিয়ে ছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা হয়েছে।

এখন পর্যন্ত কোনো খেলোয়াড় বা কর্মকর্তার বিরুদ্ধে কী ধরনের শাস্তি হতে পারে, সে বিষয়ে কিছু জানায়নি ফিফা। তদন্ত শেষে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পর রাজনৈতিক বার্তা সম্বলিত 'লাস মালভিনাস সন আর্জেন্তিনাস' (মালভিনাস বা ফকল্যান্ড আর্জেন্টিনার) ব্যানার প্রদর্শনের ঘটনাতেও আর্জেন্টিনার বিরুদ্ধে পৃথক তদন্ত শুরু করেছিল ফিফা।

বিশ্বকাপ ফাইনালের এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আর্জেন্টিনার বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

/এনএ 

Logo