বিশ্বকাপ ছাড়াও ইয়ামালের ঝুলিতে আর কত শিরোপা আছে?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম
মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছেন লামিন ইয়ামাল। তরুণ প্রতিভাবান এই ফুটবলার অভিষেকের পর থেকেই তার দক্ষতার প্রমাণ রেখে চলেছেন। বিস্ময়বালক হিসেবে যেভাবে আবির্ভূত হয়েছিলেন তিনি, তার সর্বশেষ ঝলক দেখা গেল যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তার দল স্পেন।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, লামিন ইয়ামালের ট্রফির ঝুলিতে এখন পর্যন্ত কী কী শিরোপা যোগ হয়েছে? এক নজরে দেখে নেওয়া যাক তার জেতা শিরোপাগুলো—
৩টি লা লিগা শিরোপা (২০২২–২৩, ২০২৪–২৫ ও ২০২৫–২৬ মৌসুম), ২টি স্প্যানিশ সুপার কাপ (২০২৪–২৫ ও ২০২৫–২৬ মৌসুম), ১টি বিশ্বকাপ (২০২৬), ১টি উয়েফা ইউরো (২০২৪), ১টি কোপা দেল রে (২০২৪–২৫ মৌসুম) এবং ১টি তোরনেইও ইন্টারন্যাসিওনাল আলগারভে অনূর্ধ্ব-১৭ (২০২৩)।

মাত্র ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সেই বার্সেলোনার মূল দলে অভিষেক হয় লামিন ইয়ামালের। ৪১ নম্বর জার্সি গায়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই শুরু হয় তার স্বপ্নযাত্রা। এরপর থেকেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই স্প্যানিশ বিস্ময়বালককে। বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে কম বয়সে মূল একাদশে অভিষেক, লা লিগার সবচেয়ে কম বয়সী গোলদাতা এবং এল ক্লাসিকো ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার, একের পর এক রেকর্ড নিজের করে নিয়েছেন ইয়ামাল। এরইমধ্যে নিজ দেশ ও ক্লাবের হয়ে ১৩৩ ম্যাচে মাঠে নেমে ৩৭ গোল করেছেন তিনি।
/এসআইএন