বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনায় হৃদরোগে ২ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০২:২২ পিএম
স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনায় এইরেসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। খবর টিওয়াইসি স্পোর্টসের।
রোববার (১৯ জুলাই) দেশটির জরুরি চিকিৎসা সহায়তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, নিহত দুজনই আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস শহরের বাসিন্দা। তাদের একজনের বয়স ৬৭ বছর এবং অন্যজনের বয়স ৮৮ বছর। এছাড়া ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সহায়তা সংস্থার তথ্য অনুযায়ী, নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হন ৬৭ বছর বয়সী ব্যক্তিটি। চিকিৎসাকর্মীরা তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
অন্যদিকে ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি শ্বাসকষ্ট ও হৃদ্রোগজনিত উপসর্গে আক্রান্ত হন। তার মেয়ে জরুরি সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তাকে সিপিআর দিয়ে দ্রুত একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৭২ বছর বয়সী আরেক ব্যক্তিকে সন্ধ্যা ৬টা ২২ মিনিটের দিকে শ্বাসকষ্ট ও হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি আলভারেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বুয়েনস আইরেসের ওবেলিস্ক এলাকায় উদ্যাপনের সময়ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি লাভাল্লে সড়ক ও ৯ দে হুলিও অ্যাভিনিউয়ের সংযোগস্থলে প্রায় চার মিটার উঁচু থেকে পড়ে যান। এতে তার বাঁ পায়ে স্থানচ্যুতিসহ গুরুতর ভাঙন দেখা দেয় এবং জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া, উদ্যাপনকে কেন্দ্র করে মদ্যপানের কারণে অসুস্থতা, বিভিন্ন ধরনের আঘাত, কাটাছেঁড়া এবং মারামারির ঘটনায় মুখ ও নাকে আঘাত পাওয়ার একাধিক ঘটনাও নথিভুক্ত হয়েছে।
/এএন