প্রথমার্ধে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ডিআর কঙ্গো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:১১ পিএম
প্রথমার্ধেই ইংল্যান্ডকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে ডিআর কঙ্গো। ম্যাচের শুরুতেই ব্রায়ান সিপেঙ্গার গোলে এগিয়ে যায় আফ্রিকার দলটি, আর বিরতি পর্যন্ত সেই ১-০ ব্যবধান ধরে রাখে তারা। অন্যদিকে একের পর এক আক্রমণ চালিয়েও কঙ্গোর গোলকিপার লিওনেল এমপাসির দুর্দান্ত দৃঢ়তায় কোনো পথ খুঁজে পাননি হ্যারি কেইনরা।
সিপেঙ্গার গোলের পর থেকেই ইংল্যান্ড সমতায় ফিরতে মরিয়া ছিল। তারা গোলের বেশ কয়েকটি সুযোগও তৈরি করে। কিন্তু কঙ্গোর গোলরক্ষক এমপাসিকে কোনোভাবেই পরাস্ত করতে পারেনি ইংলিশরা।

এদিকে, ম্যাচের ৪৪তম মিনিটে হ্যারি কেইন একেবারে গোলরক্ষকের মুখোমুখি অবস্থায় এগিয়ে যাচ্ছিলেন। তাকে থামাতে দ্রুত পেনাল্টি বক্সের বাইরে এগিয়ে আসেন এমপাসি। এ সময় কেন বক্সের ভেতরে পড়ে গেলে মনে হয়, গোলরক্ষক তার ডান পায়ে স্পর্শ করেছিলেন।
এরপরেই ইংল্যান্ডের খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি জানান। তবে রেফারি সেটিকে ডাইভ বলে ইঙ্গিত করে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
এখন ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর কঙ্গো। সামনে আর মাত্র ৪৫ মিনিট। এই সময়জুড়ে ইংল্যান্ডের অবিরাম আক্রমণের চাপ সামলে রাখতে পারলেই বিশ্বকাপে অন্যতম বড় অঘটনের জন্ম দেবে আফ্রিকার দলটি।
/এসআইএন