×
Logo

খেলাধুলা

১৫ সেভ করে ইকুয়েডরকে রুখে দিলেন কুরাসাও গোলরক্ষক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৫৫ এএম

১৫ সেভ করে ইকুয়েডরকে রুখে দিলেন কুরাসাও গোলরক্ষক

কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে মাঠে নামা ল্যাটিন আমেরিকার শক্তিশালী দল ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে বিশ্বমঞ্চে এক স্মরণীয় ও ঐতিহাসিক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে ক্যারিবীয় দ্বীপদেশ কুরাসাও। আর এই অবিশ্বাস্য রূপকথার একমাত্র মহানায়ক কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রম। 

রোববার (২১ জুন) ইকুয়েডরের একের পর এক আক্রমণকে একাই বুক পেতে ঠেকিয়ে দিয়ে ফুটবল ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন এই গোলরক্ষক।

পুরো ম্যাচজুড়ে ইকুয়েডরের ফরোয়ার্ডরা কুরাসাওয়ের ডিফেন্স ভেঙে একের পর এক কামানের গোলার মতো শট নিয়েছিলেন। কিন্তু গোলপোস্টের নিচে দাঁড়িয়ে এলয় রম রোববার যেন এক অদম্য ও দুর্ভেদ্য প্রাচীর হয়ে উঠেছিলেন। তার অসাধারণ ক্ষিপ্রতা, নিখুঁত অবস্থানজ্ঞান আর চোখ ধাঁধানো ডাইভিংয়ের সামনে এসে বারবার চূর্ণ-বিচূর্ণ হয়েছে ইকুয়েডরের সব আক্রমণ। 

ম্যাচজুড়ে অবিশ্বাস্যভাবে একাই ১৫টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন বা সেভ করেছেন তিনি। আর এই ১৫ সেভের মাধ্যমেই সৃষ্টি হয়েছে নতুন এক মহাকাব্য। ১৯৬৬ সালের পর থেকে অতিরিক্ত সময় ছাড়াই নির্ধারিত ৯০ মিনিটের কোনো বিশ্বকাপ ম্যাচে একজন গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড এটি।

বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল বাঁচানোর বিশ্বরেকর্ডটি অবশ্য এখনো অক্ষত রয়েছে। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে অতিরিক্ত সময়সহ ম্যাচে রেকর্ড ১৬টি সেভ করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ড।  

/এএ

Logo