মিডফিল্ডের ম্যাজিক ও স্ট্রাইকার সংকট, কতটা শক্তিশালী এবারের ডাই মানশাফটরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৩৬ পিএম
ফাইল ছবি
২০১৪ সালের সেই মারাকানার স্মৃতি এখন অনেক দূরের অতীত। এরপর গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় এবং ঘরের মাঠে ইউরোতে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া, সব মিলিয়ে বিশ্বমঞ্চে জার্মানি যেন তাদের চেনা ছন্দ হারিয়ে ফেলেছিল। তবে ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে সম্পূর্ণ নতুন এক রণপরিকল্পনা আর একঝাঁক প্রতিভাবান তরুণদের নিয়ে ট্রফি পুনরুদ্ধারের মিশনে নামছে ‘ডাই মানশাফটরা'।
আসন্ন বিশ্বকাপে জার্মানির সবচেয়ে বড় শক্তির জায়গা হতে যাচ্ছে তাদের আক্রমণাত্মক মিডফিল্ড। মাঠের মাঝমাঠে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে সুযোগ তৈরি করার জন্য দলটিতে আছেন জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান ভির্টজের মতো বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই ক্রিয়েটিভ প্লেমেকার।
একই সাথে তরূণ সেনসেশন লেনার্ট কার্লের মতো প্রতিভার উপস্থিতি জার্মানির আক্রমণভাগকে দিয়েছে বৈচিত্র্যতা ও গতি। শুধু আক্রমণই নয়, দলটির বড় স্বস্তির নাম গোলপোস্টের নিচে অভিজ্ঞ ম্যানুয়েল নয়ারের ফেরা।
তবে মাঠের এই শক্তিমত্তার পাশাপাশি নাগেলসম্যানের শিবিরে রয়েছে বেশ কিছু বড় দুর্বলতা। জার্মানির মূল চিন্তার কারণ তাদের সেরা তারকা জামাল মুসিয়ালার চোট। টুর্নামেন্ট শুরু হলেও মুসিয়ালা মাঠের লড়াইয়ে শতভাগ ফিট হয়ে নামতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে বড় সংশয় ।
দ্বিতীয়ত, জার্মানির প্রথাগত ‘নাম্বার নাইন’ বা স্ট্রাইকার পজিশনটি বড্ড নড়বড়ে। স্ট্রাইকার হিসেবে খেলার দৌড়ে যারা আছেন, তাদের কারোরই ঘরোয়া মৌসুম ভালো কাটেনি; কেউ ভুগেছেন চোটে, আবার কাউকে ক্লাব ফুটবলে খেলতে হয়েছে নিজেদের চেনা পজিশনের বাইরে। এর পাশাপাশি মাঝমাঠের দুই সেন্ট্রাল মিডফিল্ডারের মধ্যে নিখুঁত ভারসাম্য খুঁজে পাওয়াটাও নাগেলসম্যানের জন্য বড় এক চ্যালেঞ্জ।